জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে অনুমোদনহীন যানবাহনের প্রবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া স্টিকারযুক্ত ও অনুমোদিত যানবাহন ছাড়া অন্য কোনো গাড়ি ক্যাম্পাসে প্রবেশ বা চলাচল করতে পারবে না। একই সঙ্গে রাতে বহিরাগত ব্যক্তি ও তাদের গাড়ির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো সময় যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কর্তৃপক্ষের সরবরাহ করা পরিচয়পত্র সব সময় সঙ্গে রাখতে হবে। পাশাপাশি ক্যাম্পাসে দর্শনার্থীদের প্রবেশ নিরুৎসাহিত করা হচ্ছে। বিশেষ করে রাতে সব বহিরাগত ব্যক্তি ও তাদের গাড়ির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ বিষয়ে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে প্রশাসন।
প্রতিনিধি/এসএস




