রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

কক্সবাজারে বিয়েবাড়িতে পুলিশের গুলিতে আহত ৭, অভিযোগ অস্বীকার পুলিশের

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

কক্সবাজারে বিয়েবাড়িতে পুলিশের গুলিতে আহত ৭, অভিযোগ অস্বীকার পুলিশের
গুলিতে আহত মিনহাজ। ছবি: ঢাকা মেইল

কক্সবাজারের মহেশখালীতে বিয়েবাড়িতে ডাকাত ধরতে গিয়ে পুলিশের গুলিতে শিশু-কিশোরসহ সাতজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত এক যুবককে আটকের পর পুলিশ ক্যাম্পে নিয়ে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্য দিতে চাপ দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। 

তবে পুলিশের দাবি, তারা কোনো গুলি ছোড়েনি; ডাকাতদের গুলিতেই দুজন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার দরগাহ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে মিনহাজ উদ্দিন (২৪) নামে এক যুবককে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অন্যরা হলেন- দরগাহ ঘোনা এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে মিনহাজ উদ্দিন, ছিদ্দিক আহমদ বাশির ছেলে আবদুর রহিম কালো (১৬), নাছির উদ্দিনের ছেলে রাহাত (১২), ইমাম হোসেনের ছেলে মো. ওয়াসিফ (৮), আজগরের ছেলে বাবু (১৮) এবং কালু মাঝির ছেলে ছাদেক (২৫)। এ ছাড়া আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ডাকাত ধরতে উত্তর নলবিলার দরগাহ ঘোনা এলাকায় অভিযান চালায় কালারমারছড়া পুলিশ ক্যাম্পের একটি দল। ওই সময় স্থানীয় বাসিন্দা ভুট্টোর মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে শিশু-কিশোরসহ অনেকেই আনন্দ-উৎসবে অংশ নিচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করেন। এ সময় পুলিশ পেছন থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এতে সাতজন গুলিবিদ্ধ হন।

আহত মিনহাজ উদ্দিনের অভিযোগ, তারা বিয়ের অনুষ্ঠানে আনন্দ করছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পেছন থেকে কয়েকজন পুলিশ সদস্য তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ছয়-সাতজন আহত হন। অন্যরা পালিয়ে যেতে পারলেও তার পায়ে একাধিক গুলি লাগায় তিনি পড়ে যান।

মিনহাজ আরও বলেন, আহত অবস্থায় পুলিশ তাকে আটক করে কালারমারছড়া পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। সেখানে এসআই রাজুসহ কয়েকজন পুলিশ সদস্য তাকে মারধর করেন এবং তার মোবাইল ফোন কেড়ে নেন। পুলিশের বিরুদ্ধে মুখ খুললে অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়। পরে ডাকাতের গুলিতে আহত হয়েছেন— এমন বক্তব্য দিতে চাপ দিয়ে তার ভিডিও ধারণ করা হয়। এরপর তাকে মহেশখালী থানায় নেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য, মিনহাজের পায়ে একাধিক গুলি লাগায় তিনি পালাতে পারেননি। পরে পুলিশ তাকে আহত অবস্থায় আটক করে। প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে পরিবারের জিম্মায় চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হয়। এরপর তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আহতের অভিভাবক বলেন, বিয়েবাড়িতে পুলিশের গুলিতে তাদের সন্তানসহ কয়েকজন আহত হন। পরে পুলিশ তাদের ডেকে নিয়ে ডাকাতের গুলিতে আহত হওয়ার বক্তব্য দিতে চাপ দেয়। পুলিশের বিরুদ্ধে কথা বললে মিথ্যা মামলায় ফাঁসানোর আশঙ্কায় তারা প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছেন না।

মিনহাজের ভাই কফিল উদ্দিন বলেন, বিয়েবাড়িতে পুলিশ তার ভাইকে গুলি করে আটক করে নিয়ে যায়। কালারমারছড়া পুলিশ ক্যাম্পে নিয়ে মারধরের পর তাকে মহেশখালী থানায় নেওয়া হয়। তার ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও ডাকাতের গুলিতে আহত হয়েছেন এমন ভিডিও বক্তব্য দিতে চাপ দেওয়া হয়। পাশাপাশি ডাকাতদের বিরুদ্ধে মামলা করার শর্ত দেওয়া হয়। অন্যথায় অস্ত্র দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়। ভাইকে বাঁচাতে বাধ্য হয়ে তারা ভিডিও বক্তব্য দিয়েছেন। পরে চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

আহত মিনহাজ ও তার পরিবারের অভিযোগ, ঘটনার পর বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি পুলিশের বিরুদ্ধে মুখ খুললে মিথ্যা মামলায় ফাঁসানো এবং অস্ত্র দিয়ে চালান দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছ থেকে জোর করে ভিডিও বক্তব্য নেওয়া ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও করেছেন তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোলতান। তিনি বলেন, বিয়েবাড়িতে একজন ডাকাতকে ধরতে পুলিশ অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজন নিরীহ মানুষ গুলিবিদ্ধ হন। পুলিশ কোনো গুলি ছোড়েনি।

আহত ব্যক্তিদের ভয় দেখিয়ে বক্তব্য নেওয়া কিংবা তাদের পরিবারের কাছ থেকে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও অস্বীকার করেন ওসি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর