খুলনায় মোস্তর মোড়ের সামনে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাইখান(৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে রায়হান ও সুমাইয়ার বিয়ে হয়। রায়হান আগে সৌদি আরব প্রবাসী ছিলেন। আকামার মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে তিনি খুলনায় ইলেকট্রিক ও রঙের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
স্ত্রীর দাবি, তার স্বামীকে হত্যা করা হয়েছে। তবে কারো সাথে তার স্বামীর কোন শত্রুতা ছিল কিনা তিনি নিশ্চিত করতে পারেননি।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান জানান, রেললাইনের পাশে একটি গাছের ডালে এক যুবকের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এজে




