শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে বর-কনেসহ অর্ধশতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৫ পিএম

শেয়ার করুন:

বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে বর-কনেসহ অর্ধশতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

বিয়ের দাওয়াতের খাবার খেয়ে কিশোরগঞ্জের নিকলীতে বর-কনেপক্ষের অর্ধশতাধিক অতিথি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিরণ মিয়া (৫০) নামে এক পল্লিচিকিৎসকের মৃত্যু হয়েছে। অসুস্থদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন। তাঁদের অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিরণ মিয়া ওই গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে। তিনি পেশায় একজন পল্লিচিকিৎসক ছিলেন। অসুস্থ হওয়ার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার বড়কান্দা গ্রামের আরজু মিয়ার (৫০) মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। এ উপলক্ষ্যে প্রায় ৩০০ অতিথির খাবারের আয়োজন করা হয়। প্রথমে কনেপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করা হয়। পরে বিকেলে বরপক্ষের অতিথিরা খাবার খান। খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই অতিথিদের অনেকের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। একপর্যায়ে অসুস্থ মানুষের সংখ্যা বাড়তে থাকে।

পরে স্বজন ও স্থানীয় লোকজন অসুস্থদের উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ জেলা সদর ও ভাগলপুরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। অনেককে নিজ উদ্যোগে বিভিন্ন বেসরকারি হাসপাতালেও চিকিৎসা নিতে দেখা গেছে।

বিয়ের কনে তাসমিতা বেগম (১৯) জানান, তাঁর বিয়ের অনুষ্ঠানে কনেপক্ষ ও বরপক্ষের অনেকেই খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর স্বামী শেখ স্বাধীন এবং তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন সিংপুর গ্রামের সেলিম মিয়া বলেন, বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস ভালোভাবে রান্না করা হয়নি। ওই খাবার খেয়েই তাঁরা অসুস্থ হয়েছেন বলে তাঁর ধারণা। এ ঘটনায় তাঁর পরিবারের চারজন অসুস্থ হয়েছেন।

একই গ্রামের রুবেল মিয়া (৩৫) বলেন, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার অবনতি হলে রাতভর একে একে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের ভাগলপুর, কিশোরগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া কয়েকজন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তাঁর ধারণা, অসুস্থ মানুষের সংখ্যা ৬০ জনের বেশি।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরমা দাস জানান, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে এ পর্যন্ত ২২ জন নারী ও ১৮ জন পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বাড়ছে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে বিভিন্ন হাসপাতালেও অসুস্থ ব্যক্তিরা চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানতে পেরেছেন।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, অসুস্থ ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। যাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। চিকিৎসার সরঞ্জাম ও ওষুধের কোনো সংকট নেই। তবে হাসপাতালে শয্যাসংকট থাকায় রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

একটি বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে একসঙ্গে এত মানুষের অসুস্থ হয়ে পড়া এবং একজনের মৃত্যুর ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে। খাবার থেকে অসুস্থতার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুসন্ধান প্রত্যাশা করছেন এলাকাবাসী।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর