শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঐতিহাসিক ‘যোগীর ঘোপের’ দেবোত্তর সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদ

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৩ পিএম

শেয়ার করুন:

ঐতিহাসিক ‘যোগীর ঘোপের’ দেবোত্তর সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদ
দেবোত্তর সম্পত্তি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন। ছবি: ঢাকা মেইল

নওগাঁর পত্নীতলায় দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক স্থাপনা ও নাথ সম্প্রদায়ের প্রাচীন সাধনপীঠ ‘যোগীর ঘোপের’ দেবোত্তর সম্পত্তি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে যোগীর ঘোপ প্রাঙ্গণে ‘আলো’ ও চকভানীপুর যোগীর ঘোপ এলাকাবাসীর যৌথ উদ্যোগে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দ্বাদশ শতাব্দী থেকে নাথ সম্প্রদায়ের ইতিহাস, আধ্যাত্মিকতা ও লোকসংস্কৃতির অনন্য নিদর্শন বহন করে আসছে যোগীর ঘোপ। এখানকার প্রাঙ্গণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গোরক্ষনাথ মন্দির, বিমলা দেবীর মন্দির ও শিব মন্দিরসহ বেশ কয়েকটি প্রাচীন উপাসনালয়। পাশেই রয়েছে নাথ সম্প্রদায়ের সিদ্ধ সাধকদের সমাধি, যা যুগ যুগ ধরে সাধক ও ভক্তদের কাছে পরম পবিত্র তীর্থস্থান। প্রতি বছর বাংলা সনের ১০ থেকে ১২ বৈশাখ তিন দিনব্যাপী এখানে বসে ঐতিহ্যবাহী গোরক্ষনাথ ও বিমলা দেবীর মেলা, যেখানে দেশ-বিদেশের অসংখ্য ভক্ত ও সাধু-সন্ন্যাসীর সমাগম ঘটে।

স্থানীয়দের অভিযোগ, যোগীর ঘোপের নামে প্রায় আটশ বছর ধরে থাকা প্রায় ৩০০ বিঘা দেবোত্তর সম্পত্তি গ্রাস করার পাঁয়তারা চালাচ্ছে একটি প্রভাবশালী ও ভূমিদস্যু চক্র। অতীতে এই সম্পত্তির আয়েই মন্দিরের নিত্যপূজা ও সাধু-সন্ন্যাসীদের অতিথিসেবা চললেও বর্তমানে জালিয়াতি ও জবরদখলের অপচেষ্টা বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

মানববন্ধনে বক্তব্য দেন মন্দিরের সেবায়েত সেকাইনাথ মহন্ত, স্থানীয় বাসিন্দা জগদীশ সিং, নাইস পারভীন ও আজিজুর রহমান স্বপন প্রমুখ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যোগীর ঘোপ কেবল একটি উপাসনালয় নয়, এটি আমাদের নাথধর্ম ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। পূর্বপুরুষেরা এই পবিত্র সম্পত্তি রক্ষা করে গেছেন। আজ একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এটি গ্রাস করার চেষ্টা চালাচ্ছে। এই জবরদখল কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।

মানববন্ধন থেকে অবিলম্বে দেবোত্তর সম্পত্তির অবৈধ দখলচেষ্টা বন্ধ এবং সীমানা নির্ধারণ করে এই ঐতিহাসিক স্থানটির আইনি সুরক্ষা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। অন্যথায় বাংলার প্রাচীন নাথধর্মের এই অনন্য নিদর্শন রক্ষায় এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর