নড়াইলের লোহাগড়া উপজেলায় বাবা আফছার শেখকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক ছেলে খায়রুল শেখকে গ্রেফতার করেছে এসআরবি-৬।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ সদর থানার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার খায়রুল শেখ লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের নিহত আফছার শেখের ছেলে। তিনি ওই হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাবা আফছার শেখের সাথে ছেলে খায়রুল শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে গত (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বটি দিয়ে বাবার মাথায় কোপ দেন খায়রুল। বাবা মাটিতে লুটিয়ে পড়লে ফের বুকে কোপ দেন তিনি। এতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান আফছার শেখ।
স্থানীয়দের ভাষ্য, অভিযুক্ত খায়রুল শেখ মাদকাসক্ত ছিলেন। এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে খায়রুলসহ ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তবে ঘটনার পর থেকেই পলাতক ছিলেন খায়রুল।
শনিবার বিকেলে গোপন সংবাদ পেয়ে এসআরবি-৬ এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)-এর একটি দল অভিযান চালিয়ে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে। পরে গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে খায়রুল শেখকে গ্রেফতার করেছে এসআরবি। পরে সন্ধ্যায় তাকে থানায় হস্তান্তর করেছে এসআরবি। এর আগে এ হত্যা মামলায় নিহতের স্ত্রী ও পুত্রবধূকে গ্রেফতার করা হয়।
প্রতিনিধি/এলএ




