কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সেকেন্ড-ইন-কমান্ড পরিচয়ে এক ব্যক্তিসহ সংগঠনটির দুই সদস্যকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, আরসার সেকেন্ড-ইন-কমান্ড নূর হোসেন (৩১) এবং সংগঠনটির সদস্য মো. জুনায়েদ (২৩)। তাঁরা দুজনই উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
৮ এপিবিএন সূত্র জানায়, গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদের (পিপিএম) সার্বিক নির্দেশনায় একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের গোলঘরের পাশের একটি চা দোকানের সামনের সড়ক থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান , গ্রেফতার নূর হোসেন উখিয়া থানায় দায়ের করা একটি মামলার আসামি। গত ২৫ অক্টোবর দায়ের করা ওই মামলার নম্বর ৭০। মামলাটি দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় করা হয়েছে।
গ্রেফতারের পর তাঁদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ৮ এপিবিএন।
প্রতিনিধি/এজে




