শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘ধানের ন্যায্য মূল্য যাতে কৃষক পায়, সে দিকে খেয়াল রাখছেন সরকার’

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম

শেয়ার করুন:

‘ধানের ন্যায্য মূল্য যাতে কৃষক পায়, সে দিকে খেয়াল রাখছেন সরকার’

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য যাতে কৃষক পায়। সে জন্য কোনো মধ্যস্বত্বভোগীরা যাতে কৃষকের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে না পারে, সে দিকে খেয়াল রাখছেন সরকার।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ-২০২৬ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষকেরা দেশের খাদ্যনিরাপত্তার প্রধান শক্তি। তাঁদের অক্লান্ত পরিশ্রমে খাদ্য উৎপাদন অব্যাহত রয়েছে। তাঁদের উৎপাদিত ধান যেন যথাযথভাবে বিক্রি করতে পারেন এবং ন্যায্য মূল্য পান, সে দিকে আমরা লক্ষ রাখছি।

তিনি বলেন, চলতি ২০২৬/২৭ অর্থবছরে আমন মৌসুমে সারা দেশে ৮লাখ ৫০ হাজার ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে সরাসরি কৃষকের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান, মিলারদের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের ১৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান এবং ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ করা হবে।

তিনি আরও বলেন, নির্ধারিত তিন লাখ মেট্রিক টনের বাইরে কোনো কৃষক যদি ধান বিক্রি করতে চায়, সেটিও সংগ্রহ করা হবে। এ ক্ষেত্রে সংগ্রহ কার্যক্রমের পরিধি উন্মুক্ত রাখা হয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষকদের ন্যায্য মূল্য দিতে হবে। তাঁদের ঠকানো যাবে না। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে মানসম্মত সিদ্ধ ও আতপ চাল সরবরাহ করতে হবে। চালের আর্দ্রতা, পরিচ্ছন্নতা, ভাঙা দানার পরিমাণসহ গুণগত মানের শর্ত নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের জীবন-জীবিকা নির্বিঘ্ন রাখতে কাজ করছেন। দেশের কোনো মানুষ যেন খাদ্যসংকটে না পড়ে, সে লক্ষ্যেই খাদ্য মন্ত্রণালয় কাজ করছে। এ জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রাখা এবং সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে চাল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজা। এতে বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান, খাদ্য পরিকল্পনা ও পর্যবেক্ষণ ইউনিটের মহাপরিচালক মো. মাহাবুবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক (সংগ্রহ) মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার সারওয়ার আলম, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার, আজাদ হোসেন খান ও গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল প্রমুখ।

২০২৬-২৭ মৌসুমে সারা দেশে ৩ লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ঢাকা বিভাগে সংগ্রহ করা হবে ২৭ হাজার ৬৫১ মেট্রিক টন। মানিকগঞ্জ জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২২ মেট্রিক টন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধান ৩৫ টাকা এবং চাল ৪৯ টাকা দরে কেনা হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে মানিকগঞ্জ সদরে ২২২ মেট্রিক টন, শিবালয়ে ২৮৩, ঘিওরে ৩৩৯, সাটুরিয়ায় ১২৭, সিংগাইরে ২২১, হরিরামপুরে ৭৪ এবং দৌলতপুরে ৫৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর