শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

মৃত্যুর ৭ মাস পর পদ্মা সেতুর নাশকতা মামলায় আ.লীগ নেতা আসামি!

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

শেয়ার করুন:

মৃত্যুর ৭ মাস পর পদ্মা সেতুর নাশকতা মামলায় আ.লীগ নেতা আসামি!
আওয়ামী লীগ নেতা মৃত সামচু ঢালী। ছবি: ঢাকা মেইল

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় আসামি করা হয়েছে সাড়ে সাত মাস আগে মারা যাওয়া এক বীর মুক্তিযোদ্ধাকে। এজাহারের ২১৯ নম্বরে রয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামচু ঢালীর নাম। অথচ চলতি বছরের ২৯ মার্চ তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।

মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর একটি নাশকতার মামলায় তাকে আসামি করায় এলাকায় বিস্ময় ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। 

মামলার বাদী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জানান, আসামিদের নাম তাকে সরবরাহ করা হয়েছে। 

অন্যদিকে, পুলিশ বলছে, তদন্তে ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম বাদ দেওয়ার সুযোগ রয়েছে।

মৃত সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার ইসমাইল ঢালীর ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাত ১টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে একদল লোক সড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুরের পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। সেতুর দুই প্রান্তে আটকে পড়ে যানবাহন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম গত ১২ নভেম্বর সকালে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ওই এজাহারের ২১৯ নম্বর আসামি করা হয়েছে মৃত সামচু ঢালীকে।

পরিবারের দাবি, ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই মারা গেছেন সামচু ঢালী। ফলে ঘটনার দিন তার পক্ষে সেখানে উপস্থিত থাকা বা কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না।

সামচু ঢালীর ছেলে নাজমুল ঢালী বলেন, আমার বাবা ২৯ মার্চ মারা গেছেন। অথচ মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। বিষয়টি অত্যন্ত বিস্ময়কর। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক— এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।

তিনি আরও বলেন, সরকারের কাছে আমাদের আবেদন, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে এই মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এদিকে, মৃত ব্যক্তিকে মামলার আসামি করার বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য ছড়িয়ে পড়েছে। একটি পোস্টে বিদ্রূপ করে বলা হয়েছে, দলের প্রতি এতটাই নিবেদিত ছিলেন যে মৃত্যুর পরও আন্দোলনে অংশ নিতে কবর থেকে উঠে এসেছেন! এমন মন্তব্যের মাধ্যমে এজাহারে নাম অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে হাস্যরস ও সমালোচনা করছেন অনেকে।

এ বিষয়ে মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বলেন, আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।

জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে যদি কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া যায় অথবা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মেলে, তাহলে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর