শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

রুমায় ট্র্যাক্টর উল্টে চালক নিহত

জেলা প্রতিনিধি, বান্দরবান 
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম

শেয়ার করুন:

রুমায় ট্র্যাক্টর উল্টে চালক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় জমি চাষ করার সময় ইঞ্জিনচালিত ট্র্যাক্টর উল্টে মোহাম্মদ মানিক(৪৪) নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের পাগলা ঝিরিপাড়া এলাকায় সাঙ্গু নদীর তীরবর্তী একটি শীতকালীন ফসলি জমিতে চাষ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মানিক লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার হেতিমপুর এলাকার এলাহী বক্স ব্যাপারী বাড়ির মো. আবু তাহেরের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর মোহাম্মদ জানান, মানিক দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন ধানের জমিতে ইঞ্জিনচালিত ট্রাক্টরের মাধ্যমে ভাড়ায় জমি চাষের কাজ করতেন। শনিবারও তিনি গ্যালেঙ্গা ইউনিয়নের সাঙ্গু নদীর তীরবর্তী একটি শীতকালীন ফসলি জমিতে চাষ করতে যান। দুপুরের দিকে জমি চাষের সময় ট্রাক্টরটির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পাশের পাগলা ঝিরির খাদে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বলিপাড়া বাজারে নিয়ে আসেন। খবর পেয়ে থানচি থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাঁকে চিকিৎসার জন্য থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি চাষের সময় ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে সেটির নিচে চাপা পড়ে মানিক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ওসি বলেন, গ্যালেঙ্গা ইউনিয়ন রুমা উপজেলার অধীন হওয়ায় বিষয়টি রুমা থানাকে জানানো হয়েছে। রুমা থানা-পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছালে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের দাবি ও অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে। বর্তমানে মরদেহটি থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর