বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, 'দাউদকান্দি নৌবন্দর' দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে। এই বন্দর নির্মাণের ফলে কৃষি, বাণিজ্য, শিল্প-কারখানা, পরিবহন, কর্মসংস্থান, যোগাযোগ ক্ষেত্রে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি শনিবার (১৪নভেম্বর) সকালে দাউদকান্দিতে 'নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক' নির্মাণ কাজ শুরুর লক্ষ্যে বিআইডব্লিউটিএ'র উচ্চ পর্যায়ের টিম প্রকল্প এলাকা পরিদর্শনকালে সমবেত নেতাকর্মী ও নানা শ্রেণিপেশার জনগণের উদ্দেশে এইসব কথা বলেন।
ড. খন্দকার মারুফ বলেন, দেশ ও জনগণের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে সরকার বিরামহীন কাজ করে যাচ্ছে। 'দাউদকান্দি নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণ' বর্তমান সরকারের উন্নয়নের একটি বিশাল মাইলফলক। স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর দেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ হবে- উন্নয়নের রোলমডেল। দেশে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অপরিসীম। পরস্পরের মধ্যে হিংসা-বিদ্বেষ ভুলে একসাথে কাজ করতে তিনি দলমত নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
দাউদকান্দিতে বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
এই সময় দাউদকান্দির ইউএনও মো. জাকির হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ইসলাম এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিএ'র প্রতিনিধি দল দাউদকান্দিতে আধুনিক নৌবন্দর ও গোমতী নদীর তীরবর্তী এলাকায় দৃষ্টিনন্দন ইকোপার্ক নির্মাণের জন্য প্রকল্প এলাকা সরেজমিনে চূড়ান্ত পরিদর্শন করেন। নদীর নাব্য, তীরবর্তী এলাকার অবকাঠামোগত সুবিধা ও যোগাযোগ ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে কর্মকর্তারা গভীর সন্তোষ প্রকাশ করেন।
ড. খন্দকার মারুফ সমবেত জনতার উদ্দেশে আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের রেখে যাওয়া ধ্বংসাবশেষে দাঁড়িয়ে তারেক রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছেন। তার ডায়নামিক নেতৃত্বে আগামী দিনে এই দেশটি হবে- বিশ্ব মানচিত্রে 'উন্নয়নের রোল মডেল'।
তিনি বলেন, প্রধানমন্ত্রী গত ৯ মাসে দেশ ও জনগণের কল্যাণে রাষ্টীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং সিদ্ধান্ত গ্রহণ করে আপামর জনগণের ভালবাসা অর্জন করেছেন। এটি আজ প্রমাণিত যে, বাংলাদেশের উন্নয়ন ও সুস্থধারার উন্নয়ন রাজনীতিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই।
খন্দকার মারুফ বলেন, দাউদকান্দি নৌবন্দর প্রতিষ্ঠিত হলে নৌ যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, পণ্য পরিবহন ও অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের অবারিত সুযোগ, উন্মোচিত হবে উন্নয়নের নতুন দিগন্ত। গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণের ফলে কুমিল্লা, মুন্সিগঞ্জ, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার জনগণের বিনোদন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাস্তবায়নাধীন দাউদকান্দি নৌবন্দর ও ইকোপার্ক প্রকল্প স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম, সদস্য (পরি. পরি.) মো.সাজেদুর রহমান, বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক মো.সাইফুল ইসলাম, পরিকল্পনা বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন চৌধুরী, নৌ-সংরক্ষণ ও (পরিচালন) বিভাগের পরিচালক মো. শাহাজাহান, প্রধান প্রকৌশলী (পুর) মো. সাইদুর রহমান, মেঘনা নদী বন্দরের উপ-পরিচালক মো. নূর হোসেন, দাউদকান্দির স্থানীয় বিএনপি নেতা নূর মোহাম্মদ সেলিম সরকার, পিটার চৌধুরী, কাউসার আলম সরকার, কামাল হোসেন,ভিপি শাহাবুদ্দিন ভুইয়া,শরীফ চৌধুরী ও মো.রোমান খন্দকার প্রমুখ।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএ দাউদকান্দিতে 'আধুনিক নৌবন্দর ও গোমতী নদীর তীরে দৃষ্টিনন্দন ইকোপার্ক' নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
এলএ




