শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানায় ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি কার্যকর থাকবে। এ ছাড়া শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় আজ শনিবার (১৪ নভেম্বর) আরও পাঁচ থেকে ছয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়ার অন্তত ৪০টি পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় আরও পাঁচ থেকে ছয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে আজ শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে বেআইনি ধর্মঘট বা বিশৃঙ্খল পরিস্থিতির কারণে কাজ বন্ধ হলে মালিকপক্ষ কারখানা বন্ধ রাখতে পারে। এ ক্ষেত্রে ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি কার্যকর থাকায় বন্ধের সময়ের জন্য শ্রমিকেরা মজুরি পান না।
এ বিষয়ে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করা হলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে। এ ধরনের সিদ্ধান্ত শ্রমিক আন্দোলনকে আরও উসকে দেওয়ার পরিস্থিতি তৈরি করতে পারে। কারণ, এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা কোনো মজুরি পান না।
প্রতিনিধি/টিবি




