শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

সাভারে একই বাড়িতে ৪ দিনের ব্যবধানে দুই দফা হামলা

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ এএম

শেয়ার করুন:

সাভারে একই বাড়িতে ৪ দিনের ব্যবধানে দুই দফা হামলা
সাভারে একই বাড়িতে ৪ দিনের ব্যবধানে দুই দফা হামলা

ঢাকার সাভারে একই বাড়িতে চার দিনের ব্যবধানে দুই দফা হামলা ও পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। সর্বশেষ হামলার সময় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে বাড়িতে থাকা নারী ও শিশুদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। দুই দফা হামলার সময়ই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর অভিযুক্তরা চলে যায়। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন পরিবারটির সদস্যরা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ক্ষুদ্রঋণ দেওয়ার নামে ব্ল্যাঙ্ক চেক সংগ্রহ করে সেগুলো ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে প্রতারণামূলক মামলা দায়ের এবং পরবর্তী সময়ে আদালতের রায়কে হাতিয়ার করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আসছে দেওয়ান মোবারক হোসেনের নেতৃত্বাধীন একটি চক্র। বিগত ও বর্তমান সরকারের আমলেও চক্রটি সক্রিয় রয়েছে বলে দাবি তাদের।

এমনই একটি ঘটনার ভুক্তভোগী সাভারের ৩ নম্বর তারাপুর এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম খান। পরিবারের অভিযোগ, গত ৬ নভেম্বর তার অনুপস্থিতিতে দেওয়ান মোবারক হোসেন, কবিরসহ ৭ থেকে ৮ জনের একটি দল তার বাসায় গিয়ে হামলা ও ভাঙচুরের চেষ্টা করে। এ সময় নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে বাড়ির দরজায় লাথি মারতে থাকে তারা। জাহিদুলের স্ত্রী স্বামী বাসায় নেই বলে জানালে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে আগত ব্যক্তিদের আচরণে সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন জাহিদুলের স্ত্রী। পরে পুলিশ ও স্থানীয় প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়। পুলিশের পরামর্শে ওই রাতেই সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

তবে অভিযোগ রয়েছে, এর তিন দিন পর গত ৯ নভেম্বর সন্ধ্যায় দেওয়ান মোবারক হোসেন ও কবিরসহ ১৫ থেকে ২০ জনের একটি দল আবারও ওই বাড়িতে যায়। এ সময় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। দ্বিতীয় দফায়ও ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর অভিযুক্তরা চলে যায়।

ভুক্তভোগী নারী উম্মে জয়নব মাহজাবীন বলেন, তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। একাধিকবার বাড়িতে এসে হুমকি দেওয়ায় পরিবারের নারী ও শিশুরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত প্রতিকার চান।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ভুক্তভোগী নারী একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর