জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাই কাজের জন্য আজ শনিবার (১৪ নভেম্বর) রংপুর নগরীর বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. আতিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৩ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি নূরপুর ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এলাকাগুলো হলো—বিকন মোড়, ঠিকাদারপাড়া, পানামা মোড়, সিঙ্গার শোরুম, নেসকো অফিস-১, নূরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নার্সারি মাছুয়াপাড়া, বৈরাগীপাড়া, কামাল কাছনা, চিড়ার মিল, ভ্যাট অফিস জিএল রায় রোড এবং আড়ং শোরুম-সংলগ্ন এলাকা।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে রক্ষণাবেক্ষণ ও গাছের শাখা-প্রশাখা ছাঁটাইয়ের কাজ শেষ হয়ে গেলে দ্রুত ওই এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
এর আগে গত ৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রংপুর নগরীর আবহাওয়া অফিস ফিডার, বাজার, কলোনি, ভার্সিটি এক্সপ্রেস, ২০ মেগাওয়াট, টাউন, জুম্মাপাড়া, নিউ মডেল, বাবু খাঁ ও আশরতপুর ফিডারের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছিল।
/এএস




