শেরপুরের ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটনকেন্দ্রে ঘুরতে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তদের কবলে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থী।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে পর্যটনকেন্দ্রসংলগ্ন একটি পাহাড়ে তাদের পথ আটকে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করা হয়। এ সময় তাদের মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
শিক্ষার্থীরা জানান, শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭০ শিক্ষার্থী, তিন শিক্ষক, দুজন স্টাফ এবং খাবার পরিবেশনের কাজে নিয়োজিত দুজন কর্মচারীসহ মোট ৭৭ জনের একটি দল গজনী অবকাশকেন্দ্রে পৌঁছায়। সেখানে পৌঁছে তাঁরা কয়েকটি দলে ভাগ হয়ে পর্যটনকেন্দ্রের বিভিন্ন পাহাড়ে ঘুরতে যান।
একপর্যায়ে আট শিক্ষার্থীর একটি দল একটি পাহাড়ে উঠলে পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি তাদের পথ আটকে দেন। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের জিম্মি করে বেঁধে মারধর করা হয়। এ সময় শিক্ষার্থীদের মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা নিয়ে ঘটনাস্থল থেকে চলে যান দুর্বৃত্তরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিমন রায়হান জানান, সকালে গজনী অবকাশকেন্দ্রে পৌঁছানোর পর তারা ঘোরাঘুরির জন্য আলাদা হয়ে যান। আটজন একসঙ্গে একটি পাহাড়ে ওঠার সময় অস্ত্রধারীদের মুখোমুখি হন। দুর্বৃত্তরা তাদের আটকে বেঁধে রেখে সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী ও টাকা নিয়ে যায়। পরে সেখান থেকে ফিরে স্থানীয়দের সহায়তায় দলের অন্য সদস্যদের সঙ্গে মিলিত হন তারা।
গজনী অবকাশকেন্দ্রের কেয়ারটেকার ক্লেমেন রাখসাম বলেন, পর্যটক দলটিকে আগেই দুর্গম পাহাড়ি এলাকা ও জঙ্গলের দিকে যেতে নিষেধ করা হয়েছিল। এরপরও তারা সেখানে গিয়েছিলেন। ছিনতাইয়ের খবর পেয়ে তিনি থানায় যোগাযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাহাড়ের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। তবে অভিযুক্তরা দুর্গম এলাকায় চলে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পর্যটনকেন্দ্রে পুলিশের সদস্যরা অবস্থান করছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে এজাহার পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, বিষয়টি জানার পর খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন, ঘটনাটি পর্যটনকেন্দ্রের বাইরে পাহাড়ি এলাকায় ঘটেছে। ওই এলাকায় না যাওয়ার জন্য স্থানীয়রা শিক্ষার্থীদের সতর্ক করেছিলেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস




