শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

আখ চাষ বাড়িয়ে দেশের চিনি শিল্প রক্ষা করতে হবে: হুইপ দুলু

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম

শেয়ার করুন:

আখ চাষ বাড়িয়ে দেশের চিনি শিল্প রক্ষা করতে হবে: হুইপ দুলু

বেশি বেশি আখ চাষের মাধ্যমে দেশের চিনি শিল্পকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, নাটোরসহ দেশের সব চিনিকল টিকিয়ে রাখতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নাটোর চিনিকলের ৪৩তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, দেশে চিনি উৎপাদিত হয় বলেই সাধারণ মানুষ এখনো তুলনামূলক সাশ্রয়ী দামে চিনি কিনতে পারছেন। চিনিকলগুলো বন্ধ হয়ে গেলে চিনির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যেতে পারে। এ ছাড়া এসব চিনিকলের ওপর নির্ভর করে দেশের হাজার হাজার মানুষের জীবিকা। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে আখ চাষ বাড়ানোর পাশাপাশি চিনিকলগুলো সচল রাখা জরুরি।

7b8a57b1-dffb-48ff-b303-229caab3e65a

চিনিকল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সুরুজ, নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাস, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন।

২০২৬-২৭ মাড়াই মৌসুমে ৬৫ কার্যদিবসে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নাটোর চিনিকল। এ মৌসুমে চিনি আহরণের হার ধরা হয়েছে ৫ দশমিক ৭ শতাংশ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দুলু অন্য অতিথিদের সঙ্গে নিয়ে মিলের ডোঙ্গায় আখ ফেলে ২০২৬-২৭ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর