শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

এমপির বাড়িতে আগুন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে বিরোধী দলের প্রশ্ন

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম

শেয়ার করুন:

এমপির বাড়িতে আগুন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে বিরোধী দলের প্রশ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তদন্ত শেষ হওয়ার আগেই আগুনের সূত্রপাত শর্টসার্কিট থেকে হয়ে থাকতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। একই সঙ্গে দেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিরোধী দলের সংসদীয় দলের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের দায়মুক্তি দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, ৩৬ জুলাইয়ের আন্দোলনের পরও দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়নি। বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও সরকারের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিটের সম্ভাবনার কথা বলা তদন্ত কমিটির ওপর চাপ সৃষ্টি করতে পারে বলে তারা মনে করেন।

আরও পড়ুন

এমপি নুসরাতের বাড়িতে আগুন, তদন্তে নেমেছে চার সদস্যের কমিটি

তিনি আরও বলেন, বাড়িটি পরিত্যক্ত ছিল না। সেখানে মানুষের বসবাসের সব ধরনের আলামত রয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বর্তমান সরকার ১৮ কোটি মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পরিবর্তে অন্য বিষয়ে বেশি মনোযোগ দিচ্ছেন বলেও সমালোচনা করেন তিনি।

d0cbce93-e632-44cc-8856-9cee405a2605

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেন, বিরোধী দলের সংসদীয় দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। বাড়িটি ঘুরে দেখে সেখানে মানুষের বসবাসের স্পষ্ট আলামত পাওয়া গেছে। সাতজন মানুষ সেখানে ঘুমিয়ে ছিলেন। রান্না ও খাওয়াদাওয়ার আলামত রয়েছে, পাশাপাশি শিশুদের পড়াশোনার পরিবেশও রয়েছে। অর্থাৎ বাড়িটি পরিত্যক্ত ছিল না।

তিনি আরও বলেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে বরং ঘটনাটিকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের আগেই এমন বক্তব্য দেওয়া দায়িত্বশীল আচরণ নয়।

এদিকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে গঠিত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকেই তদন্তকাজ শুরু করেছেন কমিটির সদস্যরা।

জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) আহমেদ মাহবুব-উল-ইসলামকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

kutia

শুক্রবার দুপুর ২টার দিকে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন ঘর পরিদর্শন করেন। এ সময় তারা আগুন লাগার সম্ভাব্য কারণসহ ঘটনার সার্বিক দিক খতিয়ে দেখেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর দিবাগত রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি টিনশেড ঘর পুড়ে যায়। আগুনে দুটি ছাগল মারা যায় এবং ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর