শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ সাড়ে ৮ হাজারে বিক্রি

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ সাড়ে ৮ হাজারে বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুয়াকাটা পৌর মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামে মাছটি ৮ হাজার ৫১০ টাকায় বিক্রি হয়েছে।

মাছটি প্রতি মণ ১ লাখ ৪৫ হাজার টাকা দরে নিলামে বিক্রি হয়। স্থানীয় মৎস্য ব্যবসায়ী জয়নাল ঘরামি মাছটি কিনে নেন। তিনি ‘ঘরামি ফিস কুয়াকাটা’র স্বত্বাধিকারী। বড় ইলিশটির উচ্চমূল্য নিয়ে স্থানীয় ক্রেতা ও পর্যটকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আড়তে তোলার পর নিলামে মাছটি কিনে নেন জয়নাল ঘরামি। তিনি মাছটি রপ্তানির জন্য প্রস্তুত করবেন বলে জানিয়েছেন। এর আগে গত বুধবার ২ কেজি ওজনের আরেকটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় কিনেছিলেন তিনি।

মাছটি ধরা ট্রলারের জেলে নবী হোসেন বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এটি তাদের জালে ধরা পড়া প্রথম বড় ইলিশ। ছোট ইলিশের পাশাপাশি বড় মাছটি পাওয়ায় ভালো দামে বিক্রি করতে পেরেছেন তারা। এমন মাছ ধরা পড়লে জেলেরা আর্থিকভাবে লাভবান হন। মাছটি বিক্রি করতে পেরে তারা আনন্দিত।

ক্রেতা জয়নাল ঘরামি বলেন, সমুদ্রে মাছের সংকট রয়েছে। যা পাওয়া যায়, তার বেশির ভাগই ছোট ইলিশ। বড় ইলিশ সব সময় পাওয়া যায় না। মাছটির ওজন ও মান বিবেচনা করে ৮ হাজার ৫১০ টাকায় কিনেছেন তিনি। বড় ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ রয়েছে। আশা করছেন, ভালো দামেই মাছটি বিক্রি করতে পারবেন।

তবে ইলিশের এমন চড়া দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। বড় আকৃতির ইলিশ দেখতে ও কিনতে বাজারে আগ্রহ দেখাচ্ছেন অনেক ক্রেতা ও পর্যটক।

hilsha--

স্থানীয় বাসিন্দা মিরাজুল হাসান বলেন, ইলিশ জাতীয় মাছ। বড় ইলিশ সবারই খেতে ইচ্ছা করে। তবে বর্তমানে মধ্যবিত্ত পরিবারের জন্য ইলিশ স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। মাছটি কিনতে চেয়েছিলেন, কিন্তু দাম বেশি হওয়ায় পারেননি।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. রাজীব সরকার বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরার কার্যক্রম শুরু হওয়ায় জেলেদের জালে বড় আকৃতির ইলিশ ধরা পড়ছে। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার ফলে ইলিশের প্রজনন ও বংশবিস্তারে ইতিবাচক প্রভাব পড়ার সুযোগ তৈরি হয়।

তবে একটি বড় ইলিশ পাওয়া মানেই ইলিশের উৎপাদন বেড়েছে—এমন সিদ্ধান্তে আসা যাবে না। উৎপাদন ও প্রাপ্যতা বুঝতে দীর্ঘমেয়াদি গবেষণা এবং মাছ আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ করতে হবে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ। জেলেদের আইন মেনে মাছ আহরণ করতে হবে। পাশাপাশি ইলিশের প্রজনন ও বৃদ্ধির জন্য নির্ধারিত নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করা প্রয়োজন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর