জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় তার বিরুদ্ধে ৭২ লাখ ৩২ হাজার ৮১ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তফা বাদী হয়ে বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ৭/২৬।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে ২০২৩ সালের ৩১ জানুয়ারি সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়। পরবর্তী সময়ে তিনি ১৬ এপ্রিল দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মোট ১ কোটি ৫ লাখ ৯ হাজার ৯৮১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য প্রদর্শন করেন।
দুদকের অনুসন্ধান ও যাচাইয়ে সংগৃহীত নথিপত্র বিশ্লেষণ করে দেখা যায়, সংশ্লিষ্ট সময়ে তার গ্রহণযোগ্য বৈধ আয়ের পরিমাণ ৫৭ লাখ ৫৭ হাজার ৯০০ টাকা। অন্যদিকে, পারিবারিক ও অন্যান্য ব্যয় হয়েছে ২৪ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে তার নিট সঞ্চয় বা সম্পদ অর্জনের সক্ষমতা ছিল ৩২ লাখ ৭৭ হাজার ৯০০ টাকা।
কিন্তু তার নামে অর্জিত মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫ লাখ ৯ হাজার ৯৮১ টাকা। কোনো ঋণ বা দায়দেনা না থাকায় বৈধ আয়ের উৎসের সঙ্গে ৭২ লাখ ৩২ হাজার ৮১ টাকার সম্পদের অসংগতি পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। দুদকের অভিযোগ, এ ধরনের সম্পদ অর্জন দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
দুদক প্রধান কার্যালয়ের ৪ নভেম্বরের স্মারকের মাধ্যমে মামলা দায়েরের অনুমোদন পাওয়ার পর বৃহস্পতিবার ফরিদপুরের বিশেষ জজ আদালতে মামলাটি করা হয়।
তবে এ বিষয়ে অভিযুক্ত মো. শাহাদাৎ হোসেনের বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করে প্রতিবেদনটি হালনাগাদ করা যেতে পারে।
প্রতিনিধি/এসএস




