শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

পুরনো বান্ধবীদের মিলনমেলায় মুখর বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

পুরনো বান্ধবীদের মিলনমেলায় মুখর বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়
বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

শ্রেণিকক্ষের সেই চেনা বারান্দা, খেলার মাঠ আর বিদ্যালয়ের আঙিনা। সময়ের ব্যবধানে কেউ হয়েছেন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, রাজনীতিবিদ কিংবা সফল উদ্যোক্তা। জীবনের প্রয়োজনে ছড়িয়ে পড়েছেন দেশ-বিদেশের নানা প্রান্তে। 

কিন্তু প্রিয় বিদ্যাপীঠের প্রতি টান কমেনি একটুও। তাই শতবর্ষের উৎসবে স্মৃতির টানে আবারও এক হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার প্রাক্তন ছাত্রী। বয়স, পেশা আর সামাজিক পরিচয়ের ব্যবধান ভুলে সবাই ফিরে গেছেন স্কুলজীবনের দুরন্ত দিনগুলোতে।

পুরনো বান্ধবীদের সঙ্গে দেখা, স্মৃতিচারণ, হাসি-আড্ডা আর আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে বরিশালের ঐতিহ্যবাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। 

বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী উৎসবে অংশ নিতে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছেন প্রাক্তন ছাত্রীরা। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে অনেকেই খুঁজে ফিরেছেন ফেলে আসা শৈশবের স্মৃতি। কেউ পুরোনো সহপাঠীকে পেয়ে আবেগাপ্লুত হয়েছেন, কেউ আবার স্মৃতিময় মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন। বয়সের ব্যবধান কিংবা পেশাগত পরিচয় ভুলে সবাই যেন আবার স্কুলের ছাত্রী।

শুক্রবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি নগরীর বগুড়া রোড ও সদর রোড হয়ে ফজলুল হক অ্যাভিনিউ প্রদক্ষিণ করে নগর ভবনের সামনে দিয়ে আবার বিদ্যালয়ে ফিরে আসে। এতে নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

শতবর্ষ পূর্তি উপলক্ষে নতুন সাজে সাজানো হয়েছে বিদ্যালয়টি। প্রায় এক মাস ধরে চলে উৎসবের প্রস্তুতি। শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক ও সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন পুরো আয়োজনের সার্বিক তদারকি করছেন।

S

শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দুই দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ বেগম সেলিমা রহমান এমপি এবং বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা, স্বাগত বক্তব্য, বিশেষ অতিথিদের বক্তব্য, স্মরণিকার মোড়ক উন্মোচন ও প্রধান অতিথির বক্তব্যের পর বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। প্রথম দিনের আয়োজনে রয়েছে প্রাক্তন ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড সংগীত।

দ্বিতীয় দিনেও থাকছে নানা ব্যতিক্রমী আয়োজন। প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিউজিক্যাল পিলো পাসিং, স্মৃতিচারণ, হাঁড়িভাঙা খেলা, চকলেট দৌড়সহ বিভিন্ন আনন্দঘন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নারী শিক্ষার অগ্রযাত্রায় এক ঐতিহাসিক নাম

শতবর্ষের এই আনন্দ আয়োজনের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস, সংগ্রাম ও নারী শিক্ষার গৌরবোজ্জ্বল অধ্যায়। যে সময়ে এ অঞ্চলে মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল অনেকটাই দুর্লভ, সেই সময় নারী শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয় এ বিদ্যাপীঠের।

বিদ্যালয়ের ইতিহাস থেকে জানা যায়, ১৮৭৩ সালে তৎকালীন বাকেরগঞ্জ জেলার বরিশাল শহরে কাঁচাবালিয়ার জমিদার পরিবারসহ কয়েকজন বিদ্যানুরাগীর উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বর্তমান বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জমিতেই স্বল্প পরিসরে শুরু হয়েছিল এর কার্যক্রম। তখন সম্ভ্রান্ত ও বিত্তশালী পরিবারের অল্পসংখ্যক মেয়েকে নিয়ে চলত পাঠদান।

এই উদ্যোগে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কাঁচাবালিয়ার জমিদার পরিবারের শরৎ চন্দ্র গুহ, বিএম কলেজের প্রতিষ্ঠাতা অশ্বিনী কুমার দত্তের ভ্রাতুষ্পুত্র সরল কুমার দত্ত, খান বাহাদুর হেমায়েত উদ্দিন, অ্যাডভোকেট মৌলভী মফিজউদ্দিন, অবণীনাথ ঘোষ ও মোফাজ্জেল হকসহ কয়েকজন শিক্ষানুরাগী। বিদ্যালয়ের জন্য রেজিস্ট্রি দলিলের মাধ্যমে জমি দান করেন শরৎ চন্দ্র গুহ।

S

পরবর্তীতে ‘বরিশাল সদর বালিকা বিদ্যালয়’ নামে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত হয়। ১৯২৩ সালে এটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ের রূপ লাভ করে। নারী শিক্ষার প্রসারে দক্ষ শিক্ষকের সংকট থাকায় খ্রিষ্টান মিশনারি মিস ডরোথিকে প্রথম প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৯২৩ থেকে ১৯৩৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে কবি জীবনানন্দ দাশের পিসি কুমারী স্নেহলতা দাশগুপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্ব নেন। দেশভাগের পর ১৯৪৮ সালে পশ্চিমবঙ্গে চলে যাওয়ার আগ পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।

বিদ্যালয়ের ইতিহাস অনুযায়ী, ১৯৪৮ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত টানা দুই দশক প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন শান্তিসুধা গুহ। শিক্ষা বিস্তারে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি তৎকালীন পাকিস্তান সরকারের ‘তমঘা-ই-পাকিস্তান’ খেতাবে ভূষিত হন।

১৯৬১ সালের ১২ এপ্রিল বিদ্যালয়টি সরকার জাতীয়করণ করে ‘বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’ নামকরণ করে। ১৯৬৮ সালে খোদেজা বেগম প্রথম মুসলিম প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৬৯ সালের ১ জানুয়ারি থেকে পূর্ণাঙ্গ প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন শুরু করে ১৯৮১ সাল পর্যন্ত তিনি প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেন।

প্রজন্মের পর প্রজন্ম গড়েছে যে বিদ্যাপীঠ

দীর্ঘ পথচলায় এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছেন লক্ষাধিক ছাত্রী। তাঁদের অনেকে দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশা ও দায়িত্বে নিয়োজিত থেকে দেশের উন্নয়ন ও সমাজ গঠনে অবদান রাখছেন। নারী শিক্ষার অগ্রযাত্রায় বরিশাল তথা দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠানটি আজও গৌরবের নাম।

S

বর্তমানে বিদ্যালয়ে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় আড়াই হাজার ছাত্রী অধ্যয়ন করছে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ছয়তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তথ্যানুযায়ী, আগামী জুনের মধ্যে ভবনটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এর আগে ২০১০ সালে বিদ্যালয়টিতে কয়েক হাজার প্রাক্তন ছাত্রীর অংশগ্রহণে একটি মিলনমেলা অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর এবারের শতবর্ষ পূর্তি উৎসব সেই স্মৃতিকে আরও বিস্তৃত ও প্রাণবন্ত করে তুলেছে।

কয়েক দশক পর দেখা, চোখে আনন্দাশ্রু

প্রতিষ্ঠার ১০৩ বছর পর শতবর্ষ উদযাপনের এ আয়োজন যেন কেবল আনুষ্ঠানিক উৎসব নয়, বরং কয়েক প্রজন্মের নারীর আবেগময় মিলনমেলা। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা প্রাক্তন ছাত্রীরা আবারও এক কাতারে দাঁড়িয়েছেন প্রিয় বিদ্যালয়ের টানে। কেউ কয়েক দশক পর পুরোনো বান্ধবীকে খুঁজে পেয়েছেন, কেউ ফিরে পেয়েছেন হারিয়ে যাওয়া স্কুলজীবনের গল্প। কারও চোখে আনন্দাশ্রু, কারও মুখে উচ্ছ্বাসের হাসি।

প্রায় সাড়ে তিন হাজার প্রাক্তন ছাত্রীর এ মিলনমেলা শুধু শতবর্ষ উদযাপন নয়; এটি নারী শিক্ষার অগ্রযাত্রার ইতিহাস, বন্ধুত্বের বন্ধন, স্মৃতির পুনর্জাগরণ এবং একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ। 

সময়ের ব্যবধানে বদলে গেছে অনেক কিছু। বদলেছে বিদ্যালয়ের অবকাঠামো, বদলেছে ছাত্রীদের জীবন ও পরিচয়। কিন্তু বদলায়নি প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা। শেকড়ের টানে সবাই আবার ফিরে গেছেন ফেলে আসা স্কুলজীবনের সোনালি দিনগুলোতে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর