ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ছয় বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীন বাঁশতলা বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘শহীদ মিনার’ নামক স্থানে অভিযান চালায়। এ সময় ছয় বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে দুজন গোপালগঞ্জ জেলার এবং চারজন মাদারীপুর জেলার বাসিন্দা।

এ সময় আটক ব্যক্তিদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে স্থানীয় এক ব্যক্তিকেও আটক করা হয়। বিজিবির দাবি, ওই ব্যক্তি মানব পাচারের সঙ্গে জড়িত। আটক ছয় বাংলাদেশি দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে কাজ করছিলেন। তবে তারা কীভাবে ভারতে গিয়েছিলেন, তা খতিয়ে দেখছে বিজিবি।
২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




