শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

নওগাঁর ক্লিনিক কাণ্ড

বগুড়ায় উধাও নবজাতক উদ্ধার, ডিএনএ টেস্টে নিশ্চিত হবে পরিচয়

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় উধাও নবজাতক উদ্ধার, ডিএনএ টেস্টে নিশ্চিত হবে পরিচয়

নওগাঁ শহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের পর যমজ সন্তানের একটি নবজাতক উধাও হওয়ার ঘটনার আট দিন পর বগুড়া থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারী ও তার স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

উদ্ধার শিশুটি নিখোঁজ সেই নবজাতক কি না, তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদে আদমদীঘির তারতা গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মলিনা (৪০) নামে এক নারী ও তার স্বামীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আটক নারী প্রথমে নিজেকে প্রসূতি বললেও পরবর্তীতে স্বীকার করেছেন যে, তিনি শিশুটিকে সংগ্রহ করেছেন। উদ্ধার শিশুটিই নওগাঁর বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া নবজাতক কি না, তা শতভাগ নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। প্রকৃত বাবা-মা শনাক্ত না হওয়া পর্যন্ত শিশুটি পুলিশি হেফাজতেই থাকবে। শিশুটিকে কীভাবে ওই গ্রামে নেওয়া হলো এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে আমাদের তদন্ত চলছে।’

যেভাবে ঘটনার সূত্রপাত
গত ৫ নভেম্বর নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে সান্ত্বনা আক্তার নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন হয়। শিশুটির বাবা শান্ত ইসলাম থানায় লিখিত অভিযোগে জানান, অপারেশনের আগে করা দুটি আলাদা আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে গর্ভে যমজ সন্তান থাকার স্পষ্ট উল্লেখ ছিল।

কিন্তু অপারেশন শেষে ক্লিনিক কর্তৃপক্ষ তাদের হাতে মাত্র একটি কন্যাশিশু তুলে দেয়। অপর নবজাতকের বিষয়ে কিছু জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ সদুত্তর না দেওয়া এবং বিষয়টি ধামাচাপা দিতে আর্থিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। অস্ত্রোপচারের পর কাটা স্থানে সেলাই না করে দীর্ঘসময় ফেলে রাখা এবং ভয় দেখিয়ে জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগও করেছেন ভুক্তভোগী নারী।

ক্লিনিক কর্তৃপক্ষের দাবি
এদিকে গত ৭ নভেম্বর সংবাদ সম্মেলন করে নবজাতক নিখোঁজের অভিযোগ অস্বীকার করে বলাকা ক্লিনিক কর্তৃপক্ষ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ক্লিনিক মালিক সমিতির নেতারা। 

তাদের দাবি ছিল, প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল এবং আগের আলট্রাসনোগ্রাম রিপোর্টটি ত্রুটিপূর্ণ ছিল।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর