‘বেস্ট ইয়ুথ অর্গানাইজেশন ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছে রাজশাহী অঞ্চলের বৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজশাহীর তানোরে অনুষ্ঠিত যুব সম্মেলনে বরেন্দ্র অঞ্চলের গবেষণা সংস্থা বারসিকের পক্ষ থেকে সংগঠনটিকে এ স্বীকৃতি দেওয়া হয়।
বারসিক জানিয়েছে, রাজশাহী অঞ্চলে পরিবেশ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কার্যক্রম পর্যালোচনা করে শ্রেষ্ঠ সংগঠন নির্বাচন করা হয়েছে। জুরি বোর্ডের মাধ্যমে সংগঠনগুলোর কার্যক্রমের কার্যকারিতা মূল্যায়ন করে সম্মাননার জন্য চূড়ান্ত করা হয়। এদিন আরও কয়েকটি ক্যাটাগরিতে বিভিন্ন সংগঠনকে সম্মাননা দেয় বারসিক।
ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান বলেন, বৃহত্তর রাজশাহী অঞ্চলে তাঁরা শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে কাজ করে আসছেন। যেসব এলাকায় তুলনামূলকভাবে কম দৃষ্টিপাত করা হয়, সেসব দুর্গম চরাঞ্চলসহ অবহেলিত এলাকায় বিধবা, এতিম, শ্রমিক, প্রতিবন্ধী ও অন্যান্য সুবিধাবঞ্চিত মানুষের জন্য তাঁরা মূলত কার্যক্রম পরিচালনা করেন।
তিনি বলেন, স্বীকৃতি পাওয়াটাই বড় কথা নয়। কেউ স্বীকৃতি দিলে কিংবা সমালোচনা করলেও তাঁরা দেশ ও জনগণের জন্য কাজ করে যেতে চান। তবে এমন স্বীকৃতি তাঁদের সামনে এগিয়ে যেতে অবশ্যই অনুপ্রাণিত করবে। এ জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এআর




