নেত্রকোনার খালিয়াজুরীতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়া, সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল ও অবরোধের অভিযোগে সাবেক এমপি সাজ্জাদুল হাসানসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে খালিয়াজুরী থানায় স্থানীয় বিএনপির কর্মী মুসলিম মিয়া বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা করেন।
মামলায় নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক এমপি সাজ্জাদুল হাসান, খালিয়াজুরী
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ সরকার ও সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমানসহ দলের ১২১ জন নেতাকর্মীর নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১২১ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন দেয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাদের দেওয়া আগুনে কার্যালয়ের বাইরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিসংবলিত একটি ব্যানার পুড়ে যায়। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারবিরোধী স্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টি এবং কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, পরদিন সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় পাকা সড়কে কয়েকজন সমবেত হয়ে মিছিল বের করেন অভিযুক্তরা। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। মুসলিম মিয়াসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও লোকজন তাঁদের ধাওয়া করলে তাঁরা পালিয়ে যান। পালানোর সময় সড়কে কয়েকটি পেট্রলভর্তি বোতল ফেলে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
মামলার এজাহারে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ কয়েকজনের নির্দেশনা ও আর্থিক সহায়তায় এসব কর্মকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
বাদী মুসলিম মিয়া এজাহারে উল্লেখ করেন, ঘটনার পর বিষয়টি খালিয়াজুরী থানা-পুলিশকে জানানো হয়। পরে দলীয় ফোরামে আলোচনা এবং ঊর্ধ্বতন নেতাদের অনুমতি নিয়ে থানায় মামলা করেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার পর অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারর চেষ্টা চলছে।
উল্লেখ্য : গতকাল বুধবার রাতে সাবেক এমপি সাজ্জাদুল হাসানের বিরুদ্ধে নাশকতার অভিযোগে আরও একটি মামলা হয়েছে। এতে তিনিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৪৩ জন নেতাকর্মীর নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
প্রতিনিধি/ এজে




