রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা মামলার একমাত্র আসামি লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় আরো তিনটি ধারায় পৃথক ১০ বছর করে ২০ বছর কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় দেন। হত্যার এক বছর পূর্ণ হওয়ার এক দিন আগে এ রায় দিলো আদালত।
আদালত সূত্র জানায়, ২০২৫ সালের ১৩ নভেম্বর নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় আসামি লিমনের হামলায় তার ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান (সুমন) নিহত হয়। ছুরিকাঘাতে আহত হন বিচারকের স্ত্রীও।
ঘটনার পর পুলিশ লিমন মিয়াকে আটক করে। আহত থাকায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন ১৪ নভেম্বর রাজপাড়া থানায় বিচারক আবদুর রহমান নিজে লিমন মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। গ্রেফতারের পর আসামিকে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ। তদন্ত শেষে দেওয়া হয় অভিযোগপত্র।
বিচার চলাকালে বাদী ও তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানসহ ২৮ জন সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার এ রায় দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি আলী আশরাফ মাসুম বলেন, রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি জানান, আদালতের বিচারক পর্যবেক্ষণে বলেছে, এ ঘটনা আইন ও বিচার বিভাগের উপর হুমকি।
প্রতিনিধি/এলএ




