রাজশাহী নগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আরএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বিষয়টি জানিয়েছেন।
গ্রেফতার আসামিরা হলেন নগরীর দরিখরবোনা, কাদিরগঞ্জ এলাকার মৃত খোকনের ছেলে মো. আলী ইসলাম (৩২), উপশহর নিউমার্কেট এলাকার হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), উপশহর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে আবু সালেহ মোহাম্মদ ওমর শরীফ ওরফে রাজিব (৫৫) এবং বর্ণালী আমবাগান এলাকার মৃত শাহিদ হোসেনের ছেলে মিজান হোসেন দিপু (২৮)। সকলেই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে।
মামলার এজাহারের বরাত দিতে পুলিশ আরও জানিয়েছে, বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে নগরীর কাদিরগঞ্জের দরিখরবোনা এলাকায় লাল মসজিদের বিপরীত পাশের রাস্তায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন সক্রিয় কর্মী ব্যানারসহ ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে এলাকায় ভীতিকর ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করে। স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের বাধা দিলে মিছিলে অংশগ্রহণকারীরা তাদের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি পুলিশকে খবর দিতে গেলে তাকে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন মিছিলে অংশগ্রহণকারীরা। পরে স্থানীয় ওই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করলে মিছিলকারীরাও সেখান থেকে চলে যান।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় জননিরাপত্তা বিঘ্নিত করা, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাশ বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১২টার মধ্যে বোয়ালিয়া মডেল থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পুলিশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা মিছিলে উপস্থিত থাকার বিষয়ে স্বীকার করেছেন। গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান চলমান রয়েছে।
আরএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, রাজশাহী নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতামূলক ও বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধে আরএমপির অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/ এজে




