বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইসলামী ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ: ২৬ বছর পর চারজনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

ইসলামী ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ: ২৬ বছর পর চারজনের কারাদণ্ড
ইসলামী ব্যাংকের লোগো।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যশোর শাখা থেকে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। 

১৯৯২ সালে এই অর্থ আত্মসাতের অভিযোগে ২০০০ সালে এ মামলা করা হয়। মামলার ২৬ বছর পর রায়ে এই দণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আত্মসাৎ করা অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামির কেউই আদালতে উপস্থিত ছিলেন না। তারা সবাই পলাতক রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের পিপি সিরাজুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চট্টগ্রামের ডাবলমুরিং থানার আসকারাবাদ মিস্ত্রিপাড়ার হক ভিলার বাসিন্দা জিয়াউল হক ও তার ছেলে এনামুল হক, খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের ইসলামী ব্যাংক যশোর শাখার চাকরিচ্যুত সিনিয়র অফিসার এবং বিনিয়োগ কর্মকর্তা শেখ জামিল আহমেদ এবং যশোরের চৌগাছা উপজেলার শুকপুকুরিয়া গ্রামের চাকরিচ্যুত গুদামরক্ষক মোয়াজ্জেম হোসেন।

এনামুল হক ও জিয়াউল হককে পৃথকভাবে দণ্ডবিধির ৪০৬ ধারায় দুই বছর, ৪২০ ধারায় তিন বছর, ৪৬২(ক) ধারায় দুই বছর এবং ৪৬২(খ) ধারায় দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেয় আদালত। পাশাপাশি প্রতিটি ধারায় দুই হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অন্যদিকে, শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনকে দণ্ডবিধির ৪২০ ধারায় তিন বছর, ৪০৯ ধারায় ১০ বছর, ৪৬২(ক) ও ৪৬২(খ) ধারায় দুই বছর করে এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই হাজার টাকা করে এবং ৪০৯ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে সংশ্লিষ্ট ধারাগুলোতে পৃথকভাবে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

রায়ে উল্লেখ করা হয়েছে, আত্মসাৎ করা ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। এ অর্থ দণ্ডপ্রাপ্ত শেখ জামিল আহমেদ ও মোয়াজ্জেম হোসেনের স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে আদায়যোগ্য।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের ৫ ডিসেম্বর এনামুল হক ইসলামী ব্যাংকের যশোর শাখায় ৫০ লাখ টাকা বিনিয়োগ সুবিধার আবেদন করেন। পরে ১৯৯২ সালের ১৯ এপ্রিল তার অনুকূলে এক কোটি টাকার বিনিয়োগ সুবিধা মঞ্জুর করা হয়। এ ক্ষেত্রে চট্টগ্রামের সম্পত্তি বন্ধক দেখিয়ে যশোরের ঠিকানা ব্যবহার করা হয়। তবে বন্ধক রাখা সম্পত্তি যথাযথভাবে যাচাই না করেই বিনিয়োগ সুবিধা অনুমোদন করা হয়।

পরবর্তী সময়ে ব্যাংকের গুদামে টায়ার ও টিউব মজুদ দেখিয়ে নয়টি ডিলের মাধ্যমে মেসার্স কনফিডেন্স টায়ার হাউজের নামে ৯৬ লাখ ৭৫ হাজার ২৫০ টাকা পরিশোধ করা হয়। কিন্তু গুদামে নামমাত্র কিছু টায়ার-টিউব রেখে অধিকাংশ পণ্য সরবরাহের নামে অর্থ আত্মসাৎ করা হয় বলে তদন্তে উঠে আসে।

পরে গুদামে থাকা কিছু পণ্য নিলামে বিক্রি করে তিনটি বিনিয়োগ হিসাব সমন্বয় করা হলেও বাকি ছয়টি হিসাবে ৭৬ লাখ ৭৫ হাজার ২৫০ টাকা অনাদায়ী থেকে যায়। সুদ, কমিশন ও অন্যান্য পাওনাসহ ১৯৯৫ সালের ২৬ এপ্রিল পর্যন্ত আত্মসাৎ করা অর্থের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা।

এ ঘটনায় তৎকালীন জেলা দুর্নীতি দমন কর্মকর্তা এম এ সোবহান ২০০০ সালের ২১ মে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ২৮ জানুয়ারি দুদকের উপসহকারী পরিচালক আবদুল ওয়াদুদ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেয়। রায়ে বিভিন্ন ধারায় দেওয়া কারাদণ্ড একই সঙ্গে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর