বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

কক্সবাজার সৈকতে গবাদিপশু অবাধে বিচরণ করলেই নিলাম বিক্রি 

জেলা প্রতিনিধি,  কক্সবাজার
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

শেয়ার করুন:

কক্সবাজার সৈকতে গবাদিপশু অবাধে বিচরণ করলেই নিলাম বিক্রি 

কক্সবাজার সমুদ্রসৈকত ও আশপাশের পর্যটন এলাকায় গবাদিপশুর অবাধ বিচরণ বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে জেলা প্রশাসন। আগামী ১৪ নভেম্বর থেকে সৈকত ও পর্যটন এলাকায় গরু, মহিষ, ছাগলসহ কোনো গবাদিপশু অবাধে বিচরণ করতে দেখা গেলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সৈকতে পাওয়া গবাদিপশু তাৎক্ষণিকভাবে আটক করে আইনি প্রক্রিয়ায় নিলামে বিক্রি করা হবে।

বুধবার (১১ নভেম্বর) জেলা প্রশাসনের পর্যটন সেলের জারি করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে গবাদিপশুর অবাধ বিচরণ ও মলমূত্র ত্যাগের কারণে পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং পর্যটকদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিচ্ছন্নতা নষ্ট হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য ও নিরাপত্তার ঝুঁকিও বাড়ছে।

এ পরিস্থিতিতে গবাদিপশুর মালিকদের নিজ দায়িত্বে নির্দিষ্ট স্থানে পশু রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। পাশাপাশি সৈকত ও পর্যটন এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চাওয়া হয়েছে। নির্দেশনা কার্যকর করতে সৈকতের বিভিন্ন পয়েন্টে মাইকিং ও প্রচার-প্রচারণাও চালানো হবে।

এ বিষয়ে জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, ‘কক্সবাজার সমুদ্রসৈকত দেশি-বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ। কিন্তু সৈকতে গবাদিপশুর অবাধ বিচরণ ও মলমূত্র ত্যাগের কারণে পরিবেশ ও পরিচ্ছন্নতা বিঘ্নিত হচ্ছে। পর্যটকদের স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পশুর মালিকদের আগেই সতর্ক করা হচ্ছে, যাতে তাঁরা নির্ধারিত স্থানে পশু রাখেন। 

তিনি বলেন, ১৪ নভেম্বর থেকে সৈকত ও পর্যটন এলাকায় কোনো গবাদিপশু অবাধে বিচরণ করতে দেখা গেলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সৈকতে পাওয়া পশু আটক করে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিলামের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে প্রশাসন কঠোর থাকবে।’

১১ নভেম্বর সহকারী কমিশনার মো. মাহমুদুর রহমান সায়েম স্বাক্ষরিত নোটিশে এসব নির্দেশনা জারি করা হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর