বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

জামালপুরে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি, জামালপুর 
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

শেয়ার করুন:

জামালপুরে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

জামালপুরে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত আসামি মো. শহিদুল্লাহ (৪১)মারা গেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান। মৃত শহিদুল্লাহ সদর উপজেলার জয়রামপুর গ্রামের মৃত আ. খালেকের ছেলে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মো. শহিদুল্লাহ অন্যান্য আসামিদের সাথে গল্প করছিলেন। হঠাৎ তিনি বসা থাকা অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন। পরে অন্য আসামিদের ডাক চিৎকারে পুলিশ সদস্যরা হাতে হাসপাতালে নিয়ে যায়। 

পুলিশ জানায়,- ১১ নভেম্বর রাত ১১টা ৪০ মিনিটে জামালপুর থানা পুলিশের একটি দল জয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামি শহিদুল্লাহকে তার বাড়ির সামনের রাস্তা থেকে গ্রেপ্তার করে। পরে রাত ১১টা ৫৬ মিনিটে তাকে থানায় এনে বিধি মোতাবেক রাত ১১টা ৫৯ মিনিটে হাজতে রাখা হয়। শহিদুল্লাহ এনআই অ্যাক্ট মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ লাখ ৫২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন।  

জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান,- ১২ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে থানার সিসিটিভি ক্যামেরায় হাজতের মেঝেতে আসামিকে পড়ে থাকতে দেখে পুলিশ দ্রুত ভেতরে প্রবেশ করে। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লে, রাত ১২টা ৫ মিনিটে তাকে তাৎক্ষণিকভাবে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৫৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শামীম ইফতেখার তাকে মৃত ঘোষণা করেন।

ইয়াহিয়া আল মামুন আরো জানান- মৃতের মরদেহ সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।  

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শামীম ইফতেখার জানান,- রাতে পুলিশ শহিদুল্লাহ নামে একজনকে চিকিৎসার জন্য আনেন। এসময় তিনি জ্ঞানহীন ছিলেন। পরে অক্সিজেন প্রদান ও ইসিজিসহ প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাওয়া যায়। কিন্তু রোগীর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিলো না। ধারণা করা হচ্ছে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।    

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর