ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ ও একজন নারী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের গফরগাঁও থানার কুরচাই গ্রামের আলম মিয়া (৩৪), কিশোরগঞ্জের ইটনা থানার এলংজুরি গ্রামের রোহাত মিয়া (৩১), গাজীপুর সদর থানার ভোগড়া দক্ষিণ গ্রামের শওকত মিয়া (২৪), ফরিদপুরের ভাংগা থানার কাউলীবেড়া গ্রামের সঞ্জয় মন্ডল (৩৬) ও পঞ্চগড়ের আটোয়ারি থানার ফতেহপুর গ্রামের মাসুদ রানা (৩৫)। আটক অন্য একজন নারী। আটক নারীর পরিচয় প্রকাশ করেনি বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন খোসালপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত পিলার-৬০/৭৭-আর এলাকায় টহল দেয়। টহল চলাকালে সীমান্তবর্তী সলেমানপুর গ্রামের ইটভাটা এলাকা থেকে ৬ জনকে আটক করে বিজিবি। আটকরা অবৈধ পথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।
এদিকে পৃথক এক অভিযানে আসামীবিহীন ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। বিজিবির মাধবখালী বিওপি এ অভিযান চালায়।
মহেশপুর থানার ওসি ইমরান আলম বলেন, সীমান্ত এলাকা থেকে ৬ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি। আটক সবাই বাংলাদেশের নাগরিক। আটকদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। মামলা দায়ের শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
প্রতিনিধি/ এজে




