বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

আ. লীগের মিছিল নিয়ে শ্রমিকদল নেতার মামলা, আসামি ছাত্রদল নেতা

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

শেয়ার করুন:

আ. লীগের মিছিল নিয়ে শ্রমিকদল নেতার মামলা, আসামি ছাত্রদল নেতা

জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে থানায় মামলা করেছেন এক শ্রমিকদল নেতা। কিন্তু সেই মামলায় আসামি করা হয়েছে এক ছাত্রদল নেতাকে। বিষয়টি নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা-সমালোচনা।

সোমবার (৯ নভেম্বর) রাত ২টার দিকে জামালপুর থানায় মামলাটি করেন আনোয়ার হোসেন শাহীন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে আরও ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বিকাশকে।

সেই মামলার ২৮ নাম্বার আসামি হলেন মো. নাঈম। তিনি জামালপুর পৌরসভার লাঙল জোড়া এলাকার জয়নাল আবেদীনের সন্তান এবং ৯ নং ওয়ার্ড দক্ষিণ শাখা ছাত্রদলের সদস্য। 

মামলার বিবরণী থেকে জানা যায়, গত রোববার (৮ নভেম্বর) শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বহাল করতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা শহরের বকুলতলা মোড়ে সমবেত হয়ে মশাল, ব্যানার, লাঠি-শোটা, লোহার রড, পেট্রোল বোমাসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিল বের করেন। পরে মিছিলটি তমালতলা মোড়ে পৌঁছানোর পর মামলার বাদী ও সাক্ষীরা স্থানীয়দের সাথে নিয়ে ধাওয়া দিলে, সন্ত্রাসীরা তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র ফেলে চলে যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে।

এসব বিষয়ে ওয়ার্ড ছাত্রদলের সদস্য নাঈম বলেন, আমি দীর্ঘ ৮ বছর যাবৎ ছাত্রদলের রাজনীতি করছি। এর আগেও হাসিনা সরকার পতনের পর আমাকে ছাত্রলীগ-যুবলীগের সাথে একটি মামলায় আসামি করা হয়েছে। এখন আবার এই মামলার আসামি করা হলো। বারবার আমাকে এভাবে হেনস্তা করা হচ্ছে। কিন্তু আমি ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য। কারো সাথে আমার কোনো শত্রুতা নেই। যে মামলার বাদী তার সাথেও আমার পূর্ব পরিচয় বা শত্রুতা নেই।

৯ নং ওয়ার্ড দক্ষিণ শাখা ছাত্রদলের সভাপতি মো. নাঈম হোসেন মোবাইল ফোনে বলেন, গত ৪ বছর যাবৎ আমাদের এই কমিটি। নাঈম আমাদের দুঃসময় থেকে রাজনীতিতে জড়িত। তিনি একজন ত্যাগী ও পরিশ্রমী ছাত্র নেতা।

জামালপুর শহর ছাত্রদলের আহ্বায়ক রবিন হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি।

জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দলের জন্য ত্যাগী ছাত্রদল নেতার নামে মামলা করা হয়েছে। তিনি ও তার পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। যিনি মামলার বাদী তিনি নিজেই আওয়ামী লীগ নেতাদের সঙ্গে একই সংগঠনে আছেন। সেটি ঢাকতে ও নিজেদের জাহির করতে একজন ত্যাগী নেতার নামে মামলা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

জামালপুর থানার ওসি নাজমুস সাকিব বলেন, বাদীর আবেদনের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর