গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে জেলা কমিটির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড আবুল ইসলাম শিকদার, সাধারণ সম্পাদক কমরেড মজিবুর রহমান, সহসাধারণ সম্পাদক কমরেড আরশেদ আলী, সিংগাইর উপজেলা কমিটির সভাপতি কমরেড নাসিরউদ্দীন, ঘিওর উপজেলা কমিটির সভাপতি কমরেড দুলাল বিশ্বাস এবং সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মান্নান প্রমুখ।
সমাবেশে জেলা কমিটির সভাপতি কমরেড আবুল ইসলাম শিকদার বলেন, “চাঁদাবাজি, হত্যাকাণ্ড ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। বর্তমান সরকারও গত আট-নয় মাসে এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা চাই, সরকার দ্রুত গ্যাসের দাম কমানোসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিক।”
তিনি আরও বলেন, “তা করতে না পারলে তাদের দলের পক্ষ থেকেই স্পিকার বলেছেন, জনগণকে স্বস্তি দিতে না পারলে পদত্যাগ করে নতুন নির্বাচন দিতে। আমরাও তা-ই চাই।”
প্রতিনিধি/এসএস




