বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

পার্বত্য চট্টগ্রামে সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবি পিসিএনপির

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম

শেয়ার করুন:

পার্বত্য চট্টগ্রামে সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবি পিসিএনপির

পার্বত্য চট্টগ্রামসহ দেশের সব এলাকায় নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি), খাগড়াছড়ি জেলা শাখা। একই সঙ্গে প্রত্যাহার করা সেনাক্যাম্প পুনঃস্থাপন এবং পার্বত্য চট্টগ্রামে নতুন ডিভিশন হেডকোয়ার্টার স্থাপনের দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ।

লিখিত বক্তব্যে আব্দুল মজিদ বলেন, পার্বত্য চুক্তির ফলে একটি ব্রিগেড ও ২৪৬টি সেনাক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। তার দাবি, এর ফলে পার্বত্য এলাকায় অবৈধ অস্ত্র, চাঁদাবাজি এবং গুম-খুনের ঘটনা ব্যাপক হারে বেড়েছে। তাই প্রত্যাহার করা ব্রিগেড ও সেনাক্যাম্পগুলো অবিলম্বে পুনঃস্থাপন করা প্রয়োজন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে আরও একটি নতুন ডিভিশন হেডকোয়ার্টার স্থাপনের দাবি জানান তিনি।

078db503-90ed-442a-8d3c-7ff79cebd2fe

সংবাদ সম্মেলনে পার্বত্য অঞ্চলে সাংবিধানিক অধিকারবঞ্চিত ও নিপীড়িত জনগণের অধিকার আদায়ে সংগঠনটির বিভিন্ন দাবি ও সুপারিশ তুলে ধরা হয়।

আয়োজকেরা বলেন, দেশের সংবিধান অনুযায়ী সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পার্বত্য চট্টগ্রামসহ দেশের সর্বত্র নাগরিকদের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সংবাদ সম্মেলন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি ও সুপারিশসংবলিত প্রচারপত্রও বিতরণ করা হয়। এতে পার্বত্য এলাকার নাগরিকদের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে সংগঠনটির অবস্থান তুলে ধরা হয়।

এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সদস্য রবিউল হোসেন, দীঘিনালা উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, পানছড়ি উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল খালেক, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর