নেত্রকোনার মোহনগঞ্জে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর তাদের বিরুদ্ধেই বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। উপজেলা বিএনপির এক নেতা বাদী হয়ে এ মামলা করেছেন।
নাশকতার উদ্দেশে মশাল মিছিল, সড়ক অবরোধ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে সংগ্রাম বাদী হয়ে বুধবার (১১ নভেম্বর) রাতে মোহনগঞ্জ থানায় মামলাটি করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র লতিবুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবাল, যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন এবং ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ উপজেলার কাজিয়াটি এলাকার মডেল মসজিদের দক্ষিণ পাশে একটি পাকা সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা নাশকতার উদ্দেশে সমবেত হন। পরদিন ১০ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ধর্মঘট ও অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে তারা মশাল মিছিল বের করেন এবং সড়ক অবরোধ করেন।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, মিছিল থেকে বর্তমান সরকারের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আপত্তিকর স্লোগান ও গালিগালাজ করা হয়। এ সময় যানবাহনের ক্ষতিসাধনেরও চেষ্টা চালানো হয়।
মামলায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে মিছিলের প্ররোচনা, ষড়যন্ত্র ও সহায়তার অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সাজ্জাদুল হাসানের এক স্বজন বলেন, সাজ্জাদুল হাসান অবহেলিত হাওরাঞ্চলসহ জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তিনি কখনো কারও ক্ষতি করেছেন বলে তাদের জানা নেই। ৫ আগস্ট তার বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর গত মঙ্গলবার রাতেও বাড়িটিতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এমন পরিস্থিতিতে তাকেই মামলার প্রধান আসামি করা অত্যন্ত দুঃখজনক।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। ইতোমধ্যে জুবায়েদ আহমেদ নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগটি অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তের নেতৃত্বে একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই স্থানীয় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের মোহনগঞ্জের দৌলতপুরের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের ছয়টি বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
প্রতিনিধি/এসএস




