ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা একটি ক্লিনিকের ভেতরে ঢুকেও একজনকে মারধর করেন।
বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের মুরগিহাটা এলাকার আনছার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন আনছার ক্লিনিকের মালিক আলমগীর হোসেন, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক এবং মাহাবুর রহমান। তাদের প্রত্যেকের মাথায় তিন থেকে চারটি করে সেলাই দিতে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মুরগিহাটা এলাকায় জ্যোতি নামের এক যুবকের সঙ্গে তুহিন নামে আরেক যুবকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই বিষয়টি মীমাংসা হয়ে যায়। এ সময় ক্লিনিকের মালিক আলমগীর হোসেন সেখানে উপস্থিত ছিলেন।
এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জামায়াতের কাউন্সিলর প্রার্থী নাজিম বিশ্বাস। অভিযোগ রয়েছে, তিনি ফোন করে কয়েকজনকে সেখানে আসতে বলেন। পরে ক্লিনিকের কাছেই জামায়াতের সংসদ সদস্য আবু তালিবের কার্যালয় থেকে লাঠি ও দা নিয়ে ১০-১৫ জন নেতাকর্মী ঘটনাস্থলে আসেন। তারা তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। এ সময় জামায়াতের দুই কর্মী এক যুবককে ধাওয়া করে ক্লিনিকের ভেতরে ঢুকে রোগীর সামনেই মারধর করেন। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তুহিন হোসেন নামে এক যুবক বলেন, রাতে কলেজপাড়া এলাকার জ্যোতি নামের এক যুবকের সঙ্গে তার চোখের দিকে বাঁকা দৃষ্টিতে তাকানো নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে তাদের মধ্যে বিষয়টি মীমাংসা হয়ে যায়। এরপর তারা ঘটনাস্থল ছেড়ে চলে যান। জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে তাদের কোনো কথাও হয়নি। হঠাৎ করেই তারা এসে হামলা চালান।
আহত ক্লিনিক মালিক আলমগীর হোসেন বলেন, তিনি ক্লিনিকের সামনের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় দুই যুবকের মধ্যে বাকবিতণ্ডা হলে তিনি উভয় পক্ষকে আলাদা করে দেন। পরে জামায়াতের নাজিম এসে ফোন করে কয়েকজনকে ডেকে আনেন। তারা এসে মারধর শুরু করেন। ইট দিয়ে তার মাথায় আঘাত করা হয় এবং একজনকে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন।
হাসপাতালে ভর্তি সিজারিয়ান রোগী মারুফা বেগম বলেন, তিন দিন আগে তার সিজারিয়ান অস্ত্রোপচার হয়েছে। রাতে হঠাৎ দুই ব্যক্তি হাসপাতালে ঢুকে একজনকে মারধর করেন। এ সময় আতঙ্কে তার নবজাতক শিশুটি চিৎকার শুরু করে।
এ বিষয়ে জানতে জামায়াত মনোনীত ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাজিম বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে বলেন, ‘বাড়িতে মেহমান এসেছে, পরে কথা বলছি।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, আহত তিন যুবক থানায় এসেছিলেন। তারা এজাহার দিলে তদন্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




