বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

কমোডে নবজাতক ফেলে হত্যাচেষ্টা: চারজনের নামে মামলা, তিনজন কারাগারে

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১০:১৩ পিএম

শেয়ার করুন:

কমোডে নবজাতক ফেলে হত্যাচেষ্টা: চারজনের নামে মামলা, তিনজন কারাগারে

কক্সবাজারের ঈদগাঁওয়ে টয়লেটের কমোডে সন্তান প্রসবের পর নবজাতককে সেখানে ফেলে চলে যাওয়ার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় কিশোরী প্রসূতি, তার মা ও খালাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। 

অন্যদিকে নবজাতক ছেলে শিশুটিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে আসামিদের আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

গ্রেফতাররা হলেন- কিশোরী প্রসূতি তাসফিয়া জান্নাত তামান্না (১৬), তার মা রোজিনা আক্তার ও খালা মর্জিনা। মামলায় তামান্নার কথিত প্রেমিক চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জালাল আহমদের ছেলে টমটমচালক আবুল কালামকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার আইনজীবী মোবারক সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারাগারে পাঠানো নবজাতকের মায়ের চিকিৎসার প্রয়োজন হলে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে নবজাতকের পাশে রেখে চিকিৎসার ব্যবস্থা বিবেচনার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার বলেন, এ ধরনের ঘটনায় কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই। জনদাবি ও অপরাধের মাত্রা বিবেচনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর রাতে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বটতলী ট্রাক পার্কিং এলাকার একটি গণশৌচাগারের কমোড থেকে নবজাতক ছেলে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে ঈদগাঁওয়ের একটি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে নবজাতকের প্রসবকারী হিসেবে তাসফিয়া জান্নাত তামান্নাকে শনাক্ত করা হয়। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর