বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

ভাইয়ের বন্ধুর সহায়তায় ফাঁদ, তরুণীকে ৪ দিন আটকে রেখে ‘গণধর্ষণ’

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

শেয়ার করুন:

ভাইয়ের বন্ধুর সহায়তায় ফাঁদ, তরুণীকে ৪ দিন আটকে রেখে ‘গণধর্ষণ’
গ্রেফতার দুই আসামি। ছবি: ঢাকা মেইল

নড়াইল সদর উপজেলায় এক তরুণীকে (১৮) টানা ৪ দিন বিভিন্ন স্থানে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে সদর থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় মামলার ২ এজাহার নামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- সদর উপজেলার মো. আকাশ বিশ্বাস (২১) এবং মো. নূরনবী মোল্যা (২৮)। এ ছাড়া মামলার অপর আসামি মো. বিপ্লব আমিন শেখ ওরফে সাব্বির (২২) পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর অভিযোগ- সদর উপজেলার বাসিন্দা ওই তরুণী গত (৪ নভেম্বর) বিকেলে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে রাগ করে বাড়ি থেকে বের হন। পরে তিনি তার ভাইয়ের পরিচিত আকাশ বিশ্বাসকে ফোন করে তার সমস্যার কথা জানান। আকাশ তাকে একটি বাজারে আসতে বলেন। সেখানে পৌঁছানোর পর একটি ভ্যানে করে তাকে সদর উপজেলার একটি গ্রামের বিপ্লব আমিন শেখের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এজাহারে অভিযোগ করা হয়, ওই বাড়িতে রাতে একটি কক্ষে আটকে রেখে আকাশ বিশ্বাস তাকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরের দিন অর্থাৎ (৫ নভেম্বর) রাতে তাকে আবার অন্য একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে নূরনবী মোল্যা তাকে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে।

এজাহারে আরো বলা হয়, ৬ নভেম্বর রাতে তাকে আবার বিপ্লব আমিন শেখের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়। এ সময় আসামিরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আটকে রাখে বলেও অভিযোগ করা হয়েছে। এরপর (৭ নভেম্বর) ভোরে সুযোগ পেয়ে ভুক্তভোগী তার ভাইকে ফোনে বিষয়টি জানান। পরে ভাই ও পরিবারের লোকজন তাকে খুঁজে বের করে উদ্ধার করেন। এরপর ভুক্তভোগী তরুণী গত মঙ্গলবার (১০ নভেম্বর) নড়াইল সদর থানায় মামলা করেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, মামলার ১ নম্বর আসামিকে মামলা করার এক ঘণ্টার মধ্যে এবং ৩ নম্বর আসামি নূরনবীকে মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে। নূরনবী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। একজন আসামি এখনো পলাতক আছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর