গাইবান্ধায় হঠাৎ ঝড়-বৃষ্টিতে সাত উপজেলার ৩৫০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফুলছড়ি উপজেলায়। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে আমন ধান, শাকসবজি, গ্রীষ্মকালীন পেঁয়াজ, মরিচ ও কলা। ফসল ঘরে তোলার গুরুত্বপূর্ণ সময়ে এমন দুর্যোগে দুশ্চিন্তায় পড়েছেন কয়েক হাজার কৃষক।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও বৃষ্টিতে সাত উপজেলার বিভিন্ন এলাকার মাঠের ফসল ক্ষতিগ্রস্ত হয়। কোথাও আমন ধান মাটিতে নুয়ে পড়েছে, কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে শাকসবজি ও পেঁয়াজের ক্ষেত। আবার কিছু এলাকায় মরিচ ও কলার বাগানেও ক্ষতির চিত্র পাওয়া গেছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গাইবান্ধা সদর উপজেলায় ৬২ হেক্টর আমন ধান, ৬ হেক্টর শাকসবজি ও ২৬ হেক্টর গ্রীষ্মকালীন পেঁয়াজের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাদুল্লাপুরে ১৫ হেক্টর আমন ধান ও ১ হেক্টর শাকসবজির জমির ক্ষতি হয়েছে।
পলাশবাড়ীতে ৪৫ হেক্টর আমন ধান ও ২০ হেক্টর গ্রীষ্মকালীন পেঁয়াজের জমির ক্ষতি হয়েছে। গোবিন্দগঞ্জে ৯ হেক্টর আমন ধান, ৪ হেক্টর শাকসবজি, ৭ হেক্টর গ্রীষ্মকালীন পেঁয়াজ ও ৮ হেক্টর কলার জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া সুন্দরগঞ্জে ৪ হেক্টর আমন ধান এবং সাঘাটায় ১৬ হেক্টর গ্রীষ্মকালীন পেঁয়াজের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ফুলছড়িতে ১১২ হেক্টর আমন ধান, ৫ হেক্টর শাকসবজি ও ১০ হেক্টর মরিচের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাত উপজেলার মধ্যে এ উপজেলায়ই সবচেয়ে বেশি ফসলের ক্ষতি হয়েছে।
সাঘাটা উপজেলার মথরপাড়া গ্রামের কৃষক আফতাব হোসেন বলেন, আমার ১০ বিঘা জমির আমন ধান ঝড়ে নুয়ে পড়েছে। এখন কী করব, বুঝে উঠতে পারছি না।
কৃষকরা জানান, অনেকেই ঋণ ও ধারদেনা করে জমিতে চাষাবাদ করেছেন। ফসল ঘরে তোলার আগে এমন ক্ষতিতে খরচ ওঠানো নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে আমন ধানের জমিতে ব্যাপক ক্ষতি হওয়ায় মৌসুমের উৎপাদন নিয়ে শঙ্কিত তারা।
এ বিষয়ে গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) সুদর্শন সিকদার জানান, ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলি জমির তালিকা তৈরি করে কৃষি দপ্তরে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গেও কথা বলা হয়েছে। মাঠপর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের খোঁজখবর নিচ্ছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
প্রতিনিধি/এলএ




