লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকে কলা খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের দায়ে মো. আশরাফ হোসেন (৫০) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের পুরো টাকা ভুক্তভোগী শিশুকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার (১১ নভেম্বর) লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিকেলে কালীগঞ্জ উপজেলার ২ নম্বর মদাতী ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই দিন কলা খাওয়ানোর লোভ দেখিয়ে পাঁচ বছর বয়সী শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন আশরাফ হোসেন। তিনি উপজেলার বলাইটারি গ্রামের বাসিন্দা।
ঘটনার দিনই আশরাফ হোসেনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করেন শিশুটির মা শাপলা বেগম।
মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী লুৎফর রহমান সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ রায়ের মধ্যদিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং বাদীপক্ষ যথাযথ বিচার পেয়েছেন।
প্রতিনিধি/এলএ




