বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারীর গ্রেফতার দাবি সনাতন ধর্মাবলম্বীদের

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

শেয়ার করুন:

শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারীর গ্রেফতার দাবি সনাতন ধর্মাবলম্বীদের
মানববন্ধন। ছবি: ঢাকা মেইল

শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ, অপচিকিৎসা ও ধর্মীয় অনুভূতির অপব্যবহারের অভিযোগে তার গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সনাতন ধর্মাবলম্বীদের একাংশ। 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও সচেতন সমাজের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অভিযোগকারী ও ভুক্তভোগীদের পাশাপাশি শতাধিক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। পরে প্রবীর চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, ২০১৫ সাল থেকে সাধুর বেশ ধারণ করে বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে প্রভাবিত করে আসছেন প্রবীর চৌধুরী। দীক্ষা দেওয়ার কথা বলে প্রতারণা, অলৌকিক ক্ষমতার দাবি করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় এবং চিকিৎসার নামে অপচিকিৎসা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ ছাড়া বিভিন্ন মন্দিরের সম্পত্তি দখলের চেষ্টা, চাঁদা দাবি এবং মিথ্যা মামলায় জড়িয়ে মানুষকে হয়রানি করার অভিযোগও আনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার বিষয়টিও স্মারকলিপিতে উল্লেখ করেছেন অভিযোগকারীরা।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, এর আগে শেরপুরে অবস্থান না করার বিষয়ে মুচলেকা দিয়ে এলাকা ছেড়েছিলেন প্রবীর চৌধুরী। জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও স্থানীয় নেতাদের চাপে তিনি তখন শেরপুর ত্যাগ করেন বলে দাবি অভিযোগকারীদের। 

তবে সম্প্রতি সহযোগীদের নিয়ে আবারও এলাকায় সক্রিয় হয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ তাদের।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রবীর চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার পাশাপাশি প্রবীর চৌধুরীকে শেরপুর থেকে বহিষ্কারের দাবিও জানান তারা।

কর্মসূচিতে পলাশ চৌধুরী, দিলীপ পোদ্দার, প্রতিমা দাস ও আশীষ দেসহ সনাতন ধর্মাবলম্বীদের একাংশ উপস্থিত ছিলেন। 

এসব অভিযোগের বিষয়ে প্রবীর চৌধুরী ও তার সহযোগীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর