বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

স্পিডবোটের দাপটে লঞ্চ চলাচল ব্যাহত, তিনগুণ ভাড়ায় জিম্মি যাত্রীরা

আশিকুর রহমান মিঠু, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

শেয়ার করুন:

স্পিডবোটের দাপটে লঞ্চ চলাচল ব্যাহত, তিনগুণ ভাড়ায় জিম্মি যাত্রীরা
স্পিডবোটের দখলে মরিচাকান্দি ঘাট। ছবি: ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি ঘাটে নির্ধারিত সরকারি সময়সূচি অনুযায়ী ১৪টি লঞ্চ ভিড়তে পারছে না বলে অভিযোগ উঠেছে। 

নরসিংদী-মরিচাকান্দি-সলিমগঞ্জ নৌপথে চলাচলকারী লঞ্চ মালিকদের দাবি, স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌযানের মালিক-চালকদের বাধার কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ’র) ইস্যুকৃত নির্ধারিত ২৫ মিনিট পরপর লঞ্চ চলাচলের সময়সূচি কার্যকর হচ্ছে না।

এতে লঞ্চের ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। সময়মতো লঞ্চ না পেয়ে অনেককে বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে স্পিডবোটে যাতায়াত করতে হচ্ছে।

লঞ্চ মালিকদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা ও ঘাট ইজারাদার আলমগীর হোসেন এবং তার ঘনিষ্ঠদের আশ্রয়-প্রশ্রয়ে স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌযানের মালিক-চালকরা লঞ্চ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। লঞ্চ ঘাটে ভেড়াতে গেলে সারেং ও কর্মচারীদের মারধর, গালিগালাজ এবং অপমান-অপদস্থ করা হয় বলেও অভিযোগ তাদের।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ঘাট ইজারাদার আলমগীর হোসেন। তার দাবি, লঞ্চঘাটে ভেড়াতে তার কোনো আপত্তি নেই। তবে স্থানীয় স্পিডবোট মালিকরা বাধা দিলে তার কিছু করার নেই।

তিন গুণ ভাড়া দিয়ে যাতায়াত
খোঁজ নিয়ে জানা গেছে, নরসিংদী থেকে মরিচাকান্দি পর্যন্ত লঞ্চের ভাড়া ৬০ টাকা। সেখানে স্পিডবোটে ভাড়া লাগে ১৭০ টাকা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী লঞ্চ চলাচল না করায় যাত্রীরা তুলনামূলক কম ভাড়ায় যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে একই পথে যাতায়াত করতে তাদের প্রায় তিন গুণ ভাড়া গুনতে হচ্ছে।

নরসিংদীতে নিয়মিত যাতায়াতকারী যাত্রী রশিদ মিয়া বলেন, আগে মরিচাকান্দি ঘাটে ২৫ মিনিট পরপর লঞ্চ আসত। বর্তমানে তা বেড়ে এক ঘণ্টা পরপর হয়েছে। ফলে অনেক সময় বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে স্পিডবোটে যাতায়াত করতে হয়।

লঞ্চচালক (সারেং) মো. ওমর ফারুক মিয়া বলেন, ২৫ মিনিট পরপর মরিচাকান্দি ঘাটে লঞ্চ ভেড়ানোর বৈধ অনুমতি থাকলেও কিছু স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌযানের মালিক লঞ্চ ভেড়াতে বাধা দিচ্ছেন। এ কারণে নির্ধারিত সময়সূচি অনুযায়ী লঞ্চ চলাচল সম্ভব হচ্ছে না। এতে লঞ্চ মালিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার নেই
ঘাটে লঞ্চ চলাচল নির্বিঘ্ন করা এবং অবৈধ স্পিডবোটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ১০ আগস্ট বিআইডব্লিউটিএ ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে চিঠি দেয়। এরপরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার প্রেসিডেন্ট গোলাম নবী আলমগীর গত ২৫ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এবং ৩০ আগস্ট পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন। 

অভিযোগে ঘাটে নির্বিঘ্নে যাত্রী ওঠানামার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক লঞ্চ মালিক অভিযোগ করেন, স্পিডবোট মালিকদের নৌপথে চলাচলের বৈধ লাইসেন্স বা অনুমতি নেই। তাদের দাবি, বিআইডব্লিউটিএর একশ্রেণির অসাধু কর্মকর্তার সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে স্পিডবোটের জন্য পৃথক জেটি নির্মাণ করা হয়েছে। স্পিডবোটের জন্য আলাদা পল্টুন থাকার পরও লঞ্চের নির্ধারিত সময়সূচি বাস্তবায়নে বাধা দেওয়া হচ্ছে বলে প্রশ্ন তুলেছেন তারা।

এক লঞ্চ মালিক বলেন, বিআইডব্লিউটিএ ১৪টি লঞ্চের চলাচলের জন্য সময়সূচি নির্ধারণ করে দিয়েছে। এরপরও স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌযানের মালিকদের বাধার কারণে লঞ্চঘাটে ভেড়ানো যাচ্ছে না। বিষয়টি খুবই দুঃখজনক।

বিষয়টি জানতে চাইলে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন বলেন, দীর্ঘদিন ধরে স্পিডবোটের লোকদের সঙ্গে লঞ্চের লোকদের বিরোধ চলছে। লঞ্চ মালিকদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে বিষয়টি নৌ পুলিশের দায়িত্ব, তাদের নয়। তারপরও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সমন্বয়ের চেষ্টা করছেন তারা। 

তিনি বলেন, ঝামেলা করে তো কেউই ব্যবসা করতে পারবে না।

সলিমগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নূর হায়দার তালুকদার বলেন, লঞ্চ ভেড়াতে গিয়ে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হলে লিখিত অভিযোগ দিলে তারা বিষয়টি দেখবেন। তাকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি। 

তবে লঞ্চ মালিকরা ঢাকা মেইলকে তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রমাণ দেখিয়েছেন।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর তিনি নিজে সরেজমিনে তদন্তে গেছেন। সেখানে লঞ্চ পাঁচ মিনিট অতিরিক্ত অবস্থান করলেও স্পিডবোট মালিকদের সঙ্গে বিরোধের ঘটনা দেখতে পান। বিষয়টি এখনো তদন্তাধীন।

ইউএনও আরও বলেন, ঘাটটি বিআইডব্লিউটিএ ইজারা দিয়েছে। এর সঙ্গে তার সরাসরি সংশ্লিষ্টতা নেই। কোন বিধিতে বিআইডব্লিউটিএ তাকে চিঠি দিয়েছে, সে প্রশ্নও তোলেন তিনি। তবে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান। বিআইডব্লিউটিএ যোগাযোগ করলে তিনি ব্যবস্থা নেবেন বলেও উল্লেখ করেন।

আশুগঞ্জ ও ভৈরব বাজার নৌবন্দরের পোর্ট অফিসার মো. আব্দুল ওয়াকিল বলেন, তিনি কিছুদিন আগেই দায়িত্ব নিয়েছেন। রুট পারমিট অনুযায়ী লঞ্চ চলাচল করবে। এরই মধ্যে ঘাট ইজারাদারকে ঢাকায় বৈঠকে উপস্থিত হতে বলা হয়েছে। সেখানে বিষয়টির সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।

ইজারাদারের দাবি, স্থানীয়দের বাধা ঠেকানোর ক্ষমতা নেই
অভিযোগের বিষয়ে মরিচাকান্দি ঘাটের ইজারাদার ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আলমগীর হোসেন বলেন, আগের ইজারামূল্য ২০ লাখ টাকা থাকলেও তিনি ৮০ লাখ টাকায় ঘাটের ইজারা নিয়েছেন। তিনি যখন ইজারা নেন, তখন লঞ্চ এক ঘণ্টা পরপর চলত। এখন বিআইডব্লিউটিএ ২৫ মিনিট পরপর লঞ্চ চলাচলের রোটেশন নির্ধারণ করেছে।

আলমগীর হোসেন বলেন, এই রোটেশনে চললে আমার কোনো আপত্তি নেই। বিআইডব্লিউটিএ থেকে একটি চিঠি দিয়েছে। আগামী ১৬ নভেম্বর ঢাকায় উপস্থিত হতে বলেছে। স্থানীয়রা বাধা দিলে আমার কিছু করার নেই। কারণ, কিছুক্ষণ পরপর লঞ্চ চললে স্পিডবোট মালিকেরা ক্ষতিগ্রস্ত হবেন। আর স্পিডবোট মালিকরা এখানকার স্থানীয়।

যাত্রীদের স্বার্থে সমাধান জরুরি
মরিচাকান্দি ঘাটে লঞ্চ ও স্পিডবোটের জন্য পৃথক পল্টুন থাকার পরও কেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী লঞ্চ চলাচল নিশ্চিত করা যাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে লঞ্চ মালিকদের ব্যবসায়িক ক্ষতির অভিযোগ, অন্যদিকে যাত্রীদের বাড়তি ভাড়া ও সময় ব্যয়ের ভোগান্তি— সব মিলিয়ে বিরোধটির দ্রুত সমাধান জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ফ্ল্যাশব্যাক
একসময় নরসিংদী থেকে ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরব পর্যন্ত এক ঘণ্টা পরপর লঞ্চ চলাচল করত। তখন নৌপথে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ছিল লঞ্চ। পরে সড়ক যোগাযোগব্যবস্থার উন্নতি হওয়ায় সময় বাঁচাতে যাত্রীদের বড় একটি অংশ সড়কপথে যাতায়াত শুরু করেন।
ফলে ২০১৬ সালে নরসিংদী থেকে ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া ও নবীনগর পর্যন্ত নৌপথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে ২০১৭ সালে লঞ্চ মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএর নৌনিট্রা বিভাগ রুট সার্ভে করে সলিমগঞ্জ-নরসিংদী নৌপথে মরিচাকান্দি হয়ে ২৫ মিনিট পরপর লঞ্চ চলাচলের সময়সূচি নির্ধারণ করে।

লঞ্চ মালিকদের ভাষ্য, ২০১৭ সালে সময়সূচি নির্ধারণ করা হলেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলের ইজারাদার এবং বর্তমানে দায়িত্বে থাকা বিএনপি-সমর্থিত ইজারাদার— কেউই নির্ধারিত সময়সূচি অনুযায়ী লঞ্চ চলাচলে সহযোগিতা করেননি।

তারা জানান, নরসিংদী নদীবন্দর থেকে ২৫ মিনিট পরপর লঞ্চ ছেড়ে মরিচাকান্দি ঘাট হয়ে সলিমগঞ্জ যাওয়ার কথা। কিন্তু মরিচাকান্দি ঘাটে নির্ধারিত সময়ে লঞ্চ ভেড়াতে না পারায় মালিকেরা নিরুপায় হয়ে নরসিংদী থেকে সরাসরি সলিমগঞ্জে লঞ্চ চালাচ্ছেন। এতে মরিচাকান্দি ঘাট হয়ে বাঞ্ছারামপুরের বিভিন্ন গ্রামে যাতায়াতকারী যাত্রীরা লঞ্চসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে সলিমগঞ্জ থেকে নরসিংদী ফেরার পথে মরিচাকান্দি ঘাটে লঞ্চ ভেড়াতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন মালিকরা।

লঞ্চ মালিকদের অভিযোগ, ২৫ মিনিট পরপর মরিচাকান্দি ঘাটে লঞ্চ ভেড়ানোর চেষ্টা করলেও স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌযানের মালিক-চালক ও কর্মচারীরা বাধা দেন। এ সময় তারা মারমুখী হয়ে ওঠেন। অতীতে লঞ্চের সারেং ও কর্মচারীদের মারধর, গালিগালাজ ও অপদস্থ করার ঘটনাও ঘটেছে।

অথচ ঘাটে লঞ্চ ও স্পিডবোটের জন্য পৃথক পল্টুন রয়েছে। এরপরও লঞ্চ ভেড়াতে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মালিকরা। এ বিষয়ে বিআইডব্লিউটিএর কাছে একাধিকবার অভিযোগও দিয়েছেন তারা।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর