বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় ডিবির অভিযানে হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় ডিবির অভিযানে হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
ডিবির মাদকবিরোধী অভিযান। ছবি: ঢাকা মেইল

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। হামলায় আহত জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জনি বুধবার সকালে মামলাটি করেন। 

মামলায় কুষ্টিয়া জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এজাহারে আসামিদের বিরুদ্ধে মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা, অস্ত্র এবং বেতার যন্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাসহ গাড়ি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলা এবং পিটিয়ে আহত করার অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গোপন সংবাদে মঙ্গলবার রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদক কারবারি ধরার জন্য অভিযানে যায় জেলা গোয়েন্দা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে পুলিশ। তাকে নিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে জেলা ছাত্রদলের সদস্য ছাত্রদল নেতা সংগ্রাম (২৬), জেলা ছাত্রদল নেতা সামিউল হক রাফি (২৩), হৃদয় (২৪),  কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জীবন (২৬), সুমন (২৪), তানভীর (২৫), কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক আহ্বায়ক কাদের (২৪), রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি পাপন (২৪), রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ শাহরিয়ার জয় (২৩) ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল (২২)সহ অজ্ঞাত ৩০/৪০ জন সেখানে মব সৃষ্টি করে পুলিশের ওপর লোহার রড, কাঠের বাটাম নিয়ে হামলা করে। 

এসময় তারা পুলিশের কাজে বাধা দিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশের কাছে থাকা অস্ত্র এবং বেতার যন্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে বাধা দিলে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আহত পুলিশ সদস্যদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় আহত হন ডিবি পুলিশের এসআই রকিব উদ্দীন জনি, এসআই জিহাদ আলী ও কনস্টেবল ইমরান হোসেন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা নিতে দেখা যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে কুষ্টিয়া পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়। 

মামলার বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রকিবউদ্দীন জনি বলেন, আমি মামলার বাদী। সিটিস্ক্যান করছি, পরে কথা বলছি। আপনার ওসি সাহেবের সাথে কথা বলেন। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনকে আসামি করা করা হয়েছে।

পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ডিবি পুলিশের সদস্যরা সেখানে মাদক উদ্ধারে গেলে একটি ঝামেলার সৃষ্টি হয়। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে কাজ করছে পুলিশ।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর