চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় বকুল (৫২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত বকুল সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত কুদরত আলীর ছেলে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালের ৯ মার্চ দুপুরে মাদক কেনাবেচার খবর পেয়ে বকুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বকুলকে আটক করা হয়। তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে ১৩টি ইনজেকশন উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ৩১ মে বকুলকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই সানজিদ আহমেদ।
বিচারকালে আদালত রাষ্ট্রপক্ষের আট সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনায় বকুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালত এ মামলায় তাঁর হাজতবাসের সময় সাজা থেকে বাদ দেওয়ার এবং জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি সৈয়দ মাহমুদ শামীম রেজা ডালিম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আরিফুল ইসলাম আরিফ। রায় ঘোষণার পর বকুলকে পুলিশ পাহারায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।
প্রতিনিধি/এজে




