ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় বুধবারও (১১ নভেম্বর) কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। এ সময় সড়ক অবরোধের চেষ্টাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সকাল থেকে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার জামগড়া এলাকার অধিকাংশ কারখানায় শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানার শ্রমিক কারখানায় প্রবেশের পর দাবি আদায়ে কর্মবিরতি শুরু করেন।
একপর্যায়ে কর্মবিরতি চলাকালে আশুলিয়ার জামগড়া এলাকার কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে সড়কে জড়ো হয়ে অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
অন্যদিকে সাভারের হেমায়েতপুর এলাকায়ও একই পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে কয়েকটি কারখানার শ্রমিক কর্মবিরতি পালন শেষে কারখানা থেকে বেরিয়ে সড়কে জড়ো হন। তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের ঘটনা ঘটলেও শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক ছিল। হঠাৎ দু-একটি পোশাক কারখানায় কয়েকজন বহিরাগত ব্যক্তি অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করেন। তারা মূলত শ্রমিক নন। পুলিশ দ্রুত তাদের ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/এলএ




