বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্না আলমের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদার।
দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সমীরন কুমার মণ্ডল বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
দুদকের এজাহার সূত্রে জানা যায়, শাহিনুল আলম ছানার বিরুদ্ধে ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, দুদকের অনুসন্ধানে শাহিনুল আলম ছানার নামে বাড়ি, জমি ও অন্যান্য স্থাবর সম্পদ বাবদ ৩ কোটি ২১ লাখ ১৭ টাকা এবং বাস, মোটরযান, ট্রাক ও ব্যাংক হিসাবের অর্থসহ অস্থাবর সম্পদ বাবদ ৭ কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৯৫ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে তার সম্পদের পরিমাণ ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ১১২ টাকা। অন্যদিকে, ব্যাংকঋণসহ তার মোট দায় ১ কোটি ৯৬ লাখ ২ হাজার ৭৩৪ টাকা। দায় বাদ দিয়ে নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৮ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৩৭৮ টাকা।

অন্যদিকে, ২০২৫ সালের ১৮ মার্চ দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকার সম্পদের তথ্য উল্লেখ করেন। দুদকের যাচাইয়ে পাওয়া নিট সম্পদের সঙ্গে দাখিল করা বিবরণীর সম্পদের পার্থক্য ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকা। দুদকের অভিযোগ, সম্পদের এই তথ্য গোপন করে তিনি কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন।
এজাহারে আরও বলা হয়, ২০১৪-১৫ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত বেতন-ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, কৃষি, টোল প্লাজা, ইটভাটা ও পরিবহন খাত থেকে তার মোট আয় পাওয়া যায় ১০ কোটি ১৩ লাখ ৮৭ হাজার ৪৮৭ টাকা। পারিবারিক ও অন্যান্য ব্যয় বাবদ ৪০ শতাংশ বাদ দিয়ে তার সম্ভাব্য সঞ্চয় নির্ধারণ করা হয় ৫ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৮৯২ টাকা। এ হিসাবে নিট সম্পদের বিপরীতে ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার সম্পদ তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
অন্যদিকে, শাহিনুল আলম ছানার স্ত্রী ঝর্না আলমের বিরুদ্ধেও একই আইনে পৃথক মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬৯৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের এজাহার অনুযায়ী, ঝর্না আলম ২০২৫ সালের ১৮ মার্চ কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৬২ লাখ ৭৪ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য দেন। তবে দুদকের যাচাইয়ে তার নামে ৪ কোটি ২০ লাখ ৩১ হাজার ২৫৮ টাকার স্থাবর এবং ৩১ লাখ ২২ হাজার ৪৩৬ টাকার অস্থাবর সম্পদ পাওয়া যায়। সব মিলিয়ে তার সম্পদের পরিমাণ ৪ কোটি ৫১ লাখ ৫৩ হাজার ৬৯৪ টাকা। এজাহারে উল্লেখ করা হয়েছে, তার নামে কোনো দায়দেনার তথ্য পাওয়া যায়নি।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০১৮-১৯ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত দোকানভাড়া ও কৃষি খাত থেকে ঝর্না আলমের মোট আয় পাওয়া যায় ১০ লাখ ৬৫ হাজার টাকা। পারিবারিক ব্যয় বাদ দিয়ে তার নিট আয় ও সঞ্চয় এবং আগের সঞ্চয় মিলিয়ে মোট ১৪ লাখ ৩ হাজার টাকা হিসাব করা হয়েছে। সেই হিসাবে তার সম্পদের বিপরীতে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬৯৪ টাকার সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বলে দুদকের অনুসন্ধানে উল্লেখ করা হয়েছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সমীরন কুমার মণ্ডল বলেন, গত ১ নভেম্বর মামলা দুটি দায়েরের অনুমোদন দেয় কমিশনের প্রধান কার্যালয়। পরবর্তী সময়ে ৯ নভেম্বর বাগেরহাট জেলা কার্যালয় থেকে মামলা দায়েরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
তবে দুদকের আনা অভিযোগের বিষয়ে শাহিনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্না আলমের বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিনিধি/এসএস




