বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, নেত্রকোনা 
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
মুত্যুদণ্ডপ্রাপ্ত মাদরাসা শিক্ষক আমানউল্লাহ মাহমুদী সাগর

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলায় সেই আলোচিত শিক্ষক আমানউল্লাহ মাহমুদী সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। 

অন্যদিকে মামলার অপর আসামি ‘সাগর হুজুরের’ ভাই মামুন মিয়া ওরফে মাইমুনকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম উভয় আসামির উপস্থিতিতে মামলার সাক্ষীদের জবানবন্দি, ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ অন্যান্য বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ পর্যালোচনা করে এ রায় দেন।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ধর্ষণের ফলে জন্মগ্রহণ করা নবজাতক সাগরের সন্তান হিসাবে পরিচিত হবে এবং সে অনুযায়ী শিশুর জন্ম নিবন্ধন হবে। তবে এই সন্তানের সমস্ত ব্যয়ভার রাষ্ট্র বহন করবে বলে আদালত মতামত দেন। এই অর্থ রাষ্ট্র সাগরের কাছ থেকে আদায় করতে পারবে বলে নির্দেশনা দেওয়া হয়।

মামলায় বলা হয়, প্রায় চার বছর আগে আমানউল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদরাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদরাসা পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন।

S

চলতি বছরের ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করে চিকিৎসক শিশুটি অন্তঃসত্ত্বা বলে জানান। পরে ২৩ এপ্রিল তার মা বাদী হয়ে মাদরাসাশিক্ষক আমানউল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে মামলা করেন।

এরপর গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে তৎকালীন র‌্যাবের হাতে গ্রেফতার হন সাগর। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন।

শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে গত ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদফতরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই সে একটি কন্যাশিশুর জন্ম দেয়।

নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

পরে সিআইডির প্রতিবেদনে বলা হয়, ১১ বছরের শিশুটির সন্তানের ও আসামি মাদরাসা শিক্ষক আমানউল্লাহ মাহমুদী ওরফে সাগরের ডিএনএ প্রোফাইল মিলেছে। অর্থাৎ ১১ বছরের শিশুটির কন্যাসন্তানের ‘জৈবিক বাবা’ সাগর, এটা প্রমাণিত হয়েছে।

পরে ২৭ আগস্ট পুলিশ সাগর হুজুর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এর মাত্র দুই মাস পরই মামলার রায় দিলেন আদালত।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর