কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের মশালমিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে টেকনাফ পৌরসভার আবহাওয়া অফিসের পশ্চিম পাশে গোদারবিল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে গোদারবিল এলাকা থেকে সংগঠনটির নেতা-কর্মীরা একটি মশালমিছিল বের করেন। এতে দুই শতাধিক ব্যক্তি অংশ নেন বলে জানা গেছে। মিছিলটি টেকনাফ পৌরশহরের দিকে যাওয়ার খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর আলমের মাথায় আঘাত লাগে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয় বলে জানিয়েছে পুলিশ। রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অহিদুর রহমান বলেন, মঙ্গলবার রাতে আহত পুলিশ কর্মকর্তা মো. জাফর আলমকে হাসপাতালে আনা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। মাথায় একাধিক সেলাই দেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাতে যুবলীগের নেতা-কর্মীরা মশালমিছিল বের করলে পুলিশ ও বিজিবির সদস্যরা বাধা দেন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে এসআই জাফর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এসএস




