গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা ও ঘোনাপাড়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের মৃত আকমাল উদ্দিন খন্দকারের ছেলে ব্যবসায়ী মো. ওবায়েদুর রহমান এবং মাদারীপুর সদর উপজেলার মৃত কাছির উদ্দিন সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা সত্তার সরদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের চাপায় গুরুতর আহত হন ওবায়েদুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই মহাসড়কের ঘোনাপাড়া চক্ষু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকআপ ভ্যান। এতে ওই পিকআপে থাকা বীর মুক্তিযোদ্ধা সত্তার সরদার গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুনতাসির মাহমুদ পৃথক দুটি দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




