পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জমে উঠেছে দেশের অন্যতম বৃহৎ জলপাইয়ের হাট। উপজেলা শহরের দেবদারুতলায় প্রতিদিন বসা এ হাটে প্রায় ৩০ লাখ টাকার জলপাই কেনাবেচা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আশপাশের পাঁচ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ব্যবসায়ীরা আসেন এ হাটে। দেশের বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি এখানকার জলপাই রফতানি হচ্ছে বিদেশেও। জলপাইকে কেন্দ্র করে গড়ে উঠেছে বড় বাণিজ্যিক কার্যক্রম, সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের সুযোগ।
জানা যায়, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয় হাটের ব্যস্ততা। ভ্যান, পিকআপ ও ট্রাকে করে বিভিন্ন এলাকা থেকে জলপাই নিয়ে আসেন কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। এরপর চলে ফল বাছাই, আকার অনুযায়ী পৃথক করা এবং দরদামের মাধ্যমে কেনাবেচা। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো হাট।
স্থানীয় কৃষকেরা ছোট-বড় নানা আকারের জলপাই নিয়ে আসেন এ হাটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকার ও বড় কোম্পানির প্রতিনিধিরা এসব জলপাই কিনে নিয়ে যান।

ব্যবসায়ীরা জানান, প্রতিদিন এ হাটে প্রায় ৩০ লাখ টাকার জলপাই বেচাকেনা হয়। মৌসুমি এ ফলকে কেন্দ্র করে দেবীগঞ্জে গড়ে উঠেছে বড় একটি বাণিজ্যিক বাজার। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি কেজি জলপাই ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি করছেন তারা। গাছ থেকে ফল সংগ্রহ করে বাজারে বিক্রির মাধ্যমে প্রতিবছর ভালো আয় করছেন অনেক কৃষক।
শুধু কৃষক ও ব্যবসায়ীরাই নন, জলপাইয়ের এ বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন আরও অনেকে। জলপাই সংগ্রহ, বাছাই, পরিবহন ও আড়তে সরবরাহের কাজে নিয়োজিত রয়েছেন অসংখ্য মানুষ।

হাটের ইজারাদার কাদেরী কিবরিয়া রানা বলেন, এটি একটি ঐতিহ্যবাহী জলপাইয়ের হাট। জলপাইয়ের পাশাপাশি এখানে বাতাবি লেবু, পানসহ কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফল বিক্রি হয়। তবে জলপাইয়ের বেচাকেনাই সবচেয়ে বেশি। এ হাটকে কেন্দ্র করে অন্তত এক থেকে দেড় হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।
এত বড় কৃষিপণ্যের বাজার হলেও অবকাঠামোগত নানা সমস্যায় ভুগছেন কৃষক ও ব্যবসায়ীরা। পর্যাপ্ত শেড না থাকায় বর্ষাকালে কাদাপানিতে দুর্ভোগ পোহাতে হয় তাদের। অনেক সময় খোলা জায়গায় মাটির ওপর ফল সাজিয়ে কেনাবেচা করতে হয়। তাই হাটের অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত শেড নির্মাণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ বলেন, জলপাইয়ের এ হাট ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। বাড়ছে জলপাইয়ের চাহিদা, সেই সঙ্গে বাড়ছে চাষাবাদও। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। জলপাই চাষ করে কৃষকেরা লাভবান হচ্ছেন।
প্রতিনিধি/এসএস




