পাবনার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানের বিরুদ্ধে দুই সাংবাদিককে থানায় আটকে রেখে তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিকেরা হলেন এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ রানা ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাল উদ্দিন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সাঁথিয়া থানার ওসির কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ওই দুই সাংবাদিক।
জানা যায়, সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়ীয়া এলাকার ফরিদা খাতুন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত প্রধান আসামি লিটনকে বাদ দিয়ে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়ার বিষয়ে ওসির বক্তব্য নিতে থানায় যান সাংবাদিকেরা।
অভিযোগ, এ বিষয়ে সাক্ষাৎকার না দিয়ে ওসি ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের নাম ও পরিচয় জানতে চান। পরে থানায় থাকা পুলিশ সদস্যদের তাদের বিরুদ্ধে জিডি করতে বলেন।
এ বিষয়ে এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ রানা বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সংবাদের সত্যতা নিশ্চিত করতে প্রশাসনের বক্তব্য নেওয়া প্রয়োজন। ওসি সাক্ষাৎকার না দিয়ে যে আচরণ করেছেন, তা কাম্য নয়।’

নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাল উদ্দিন বলেন, ‘সাংবাদিকেরা সংবাদ সংগ্রহের জন্য থানায় গিয়ে যদি এমন পরিস্থিতির শিকার হন, তাহলে সাধারণ মানুষ সেখান থেকে কেমন সেবা পান?’
উল্লেখ্য, এর আগে আমিনপুর থানায় দায়িত্ব পালনকালে ওসি আনিছুর রহমানের বিরুদ্ধে টাকা ছাড়া মামলা না নেওয়া ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছিল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে তাকে বদলি করা হয়। সম্প্রতি তিনি আবার সাঁথিয়া থানায় দায়িত্ব পান।
এদিকে পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া মোটেও ঠিক হয়নি। দ্রুত ঘটনা তদন্ত করে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিকদের নিয়ে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তিনি।
পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, ‘আজ সাংবাদিকদের সঙ্গে যা ঘটেছে, তা ওসি ঠিক করেননি। সাংবাদিকেরা প্রশ্ন করতেই পারেন। কীভাবে তিনি উত্তর দেবেন, সেটি তার বিবেচনার বিষয়।’
প্রতিনিধি/এসএস




